নিউজ ডেস্ক »
দীর্ঘদিন পরে দেশের বাইরে টেস্ট খেলতে নামবে মুমিনুল – মিরাজরা, করোনা মহামারীর আগে পাকিস্তানের মাটিতে শেষবারের মতো খেলেছিলো মুমিনুলের দল, এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেললেও দেশের বাইরে দীর্ঘদিন লাল বলের ক্রিকেট খেলেনি বাংলাদেশ। অবশেষে হচ্ছে অপেক্ষার অবসান, লংকান দ্বীপে লাল বলের ক্রিকেটে ফিরছে টাইগাররা। আসন্ন এই সিরিজে বাংলাদেশের ক্রিকেটারদের সামনে রয়েছে একাধিক মাইলফলক।
বাংলাদেশ ক্রিকেটের সেরা ব্যাটসম্যানের কথা বলতে গেলে সবার আগে তামিমের নামই আসবে, তিন ফরমেট মিলিয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানও এই বাঁহাতি ওপেনারের দখলে। শ্রীলংকার বিপক্ষে আসন্ন সিরিজে তামিমের সামনে অপেক্ষা করছে টেস্ট ক্রিকেটে বিদেশের মাটিতে দুই হাজার রানের কীর্তি, দুই ম্যাচের চার ইনিংসে ১১২ রান করলেই বিদেশের মাটিতে দুই হাজার রানের মাইলফলক ছুবেন তামিম। তামিমের জন্য অপেক্ষা করছে আরো এক দারুণ মাইলফলক, আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজারী ক্লাবে ঢুকতে তামিমের দরকার আর মাত্র ২৮২ রান।
তামিমের মতো বিদেশের মাটিতে টেস্টে ২ হাজার রানের অপেক্ষায় আছেন মুশফিকুর রহিমও, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহকের ক্ষেত্রে পরিসংখ্যান তামিমের থেকেও সহজ, মাত্র ৪৫ রান করলেই বিদেশের মাটিতে ২ হাজার টেস্ট রান পূর্ণ হবে এই উইকেট কিপার ব্যাটসম্যানের।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক তামিম ইকবাল, তিন ফরমেট মিলিয়ে ২৩ বার ঐ তিন সংখ্যার ম্যাজিক্যাল ফিগার ছুঁয়েছেন তামিম। যৌথভাবে ২য় স্থানে আছেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান, এই সিরিজে একটি শতকের দেখা পেলে এককভাবে ২য় স্থানে উঠে আসবেন মুশফিকুর রহিম। সাকিব ও মুশফিকের বর্তমান সেঞ্চুরির সংখ্যা ১৪ টি করে।
আন্তর্জাতিক ক্রিকেটে ৩ হাজারী ক্লাবের সামনে দাড়িয়ে লিটন কুমার দাস, মাত্র ১৪০ রান করলেই তিনি ছুঁয়ে ফেলবেন আন্তর্জাতিক ক্রিকেটে ৩ হাজার রানের মাইলফলক।
টেস্ট ক্রিকেটে বল হতে দ্যুতি ছড়ানো অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সামনে অপেক্ষা ১ হাজার টেস্ট রানের, ব্যাটের উইলো থেকে ১৬৪ রান আসলেই মিরাজ ঢুকে যাবেন এক হাজার টেস্ট রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের তালিকায়।
টেস্ট ক্রিকেটে মিরাজের উইকেট ১০০ টি, মোহাম্মদ রফিকের সাথে যৌথভাবে আছেন সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় ৩ নম্বরে, আর এক উইকেট পেলেই রফিককে পিছনে ফেলে এককভাবে জায়গাটা দখল করবেন মিরাজ, তার সামনে ১২৬ উইকেট নিয়ে ২য় স্থানে তাইজুল ইসলাম।
তাইজুলের সামনেও আছে এক মাইলফলক, আন্তর্জাতিক ক্রিকেটে ১৫০ উইকেটের সামনে দাড়িয়ে এই বাঁহাতি স্পিনার। তার আন্তর্জাতিক উইকেট ১৩৯ টি, আর মাত্র ১১ উইকেট পেলেই আন্তর্জাতিক ক্রিকেটে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন তাইজুল। এই ১১ উইকেট পেলে বাংলাদেশের ৯ম বোলার হিসেবে ১৫০ উইকেট স্পর্শ করবেন তাইজুল, বাংলাদেশী স্পিনারদের মধ্যে যা ৬ষ্ঠ।
