ভারতে বিশ্বকাপ খেলতে বাধা নেই পাকিস্তানের

নিউজ ডেস্ক »

এ বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে ভারত-পাকিস্তান দুই দেশের বৈরী সম্পর্ক থাকায় অনিশ্চয়তা তৈরি হয়েছিল পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে। তবে সেই অনিশ্চয়তা কাটিয়ে বিশ্বকাপে খেলতে ভারতে যেতে আর কোনো বাধা রইলো না পাকিস্তানি ক্রিকেটারদের।

 

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য ভারত সরকারের কাছ থেকে পাকিস্তানিদের ভিসার নিশ্চয়তা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সচিব জয় শাহ। তবে সে দেশের সমর্থকদের ভিসা দেয়ার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিসিআই।

 

পাকিস্তানি ক্রিকেটারদের ভিসা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। যে কারণে আইসিসির শরণাপন্ন হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফলও পেয়েছে পাকিস্তান। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের একজন সদস্যের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যে, শুক্রবার কাউন্সিলের সভায় জয় শাহ নিশ্চিত করেছেন পাকিস্তানিদের ভিসা নিয়ে সমস্যা হবে না।

 

এ প্রসঙ্গে তিনি বলেন,’‘পাকিস্তান ক্রিকেট দলের ভিসার ব্যাপারটি সমাধান হয়েছে। তবে সমর্থকরা সীমানা পাড়ি দিয়ে খেলা দেখতে আসতে পারবেন কিনা, সেটি স্পষ্ট নয় এখনও। এই সিদ্ধান্ত সময়মতোই নেওয়া হবে। তবে আমরা আইসিসিকে নিশ্চিত করেছিলাম যে এটির সমাধান হবে। আজকের সভায় এই ঘোষণা দিয়েছেন সচিব।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »