নিউজ ডেস্ক »
দশ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন মুত্তিয়া মুরালিধরন। বাইশ গজে এখন বলের লড়াইয়ে না থাকলেও ক্রিকেট পাড়ার আলোচনায় আছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি স্পিনার। আইপিএল খেলা ছাড়লেও বর্তমানে কাজ করছেন স্পিন বোলিং কোচ হিসেবে।
চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের ম্যাচে বাইশগজে যেন মুরালির প্রতিচ্ছবি দেখতে পেলেন মাইকেল স্ল্যাটার। মনে হচ্ছিলো অবসর ভেঙে আবারও আইপিএল খেলতে নেমেছেন মুরালি। ধারাভাষ্যকক্ষে বসে থাকা স্ল্যাটারের কন্ঠে তেমনই ইঙ্গিত মিলছিল। বল হাতে স্লোয়ার, কাটারে ব্যাটসম্যানদের ঘোল খাওয়াচ্ছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশি এই পেসারকে দেখেই মূলত মুরালির স্মৃতিচারণ করলেন স্ল্যাটার।
মুস্তাফিজকে বাঁহাতি বোলারদের মুরালি বলেও আখ্যা দিলেন তিনি। একবার বলেও উঠলেন মুত্তিয়া মুস্তাফিজ। মূলত বল ছাড়ার সময় দুজনের রিস্ট পজিশন ও বল পড়ার মুহূর্তে দুজনের ক্ষেত্রেই মিল দেখতে পান স্ল্যাটার। আর তাতেই মুস্তাফিজকে বাঁহাতিদের মুরালি বলে আখ্যা দিয়েছেন জনপ্রিয় এই ধারাভাষ্যকার।
স্ল্যাটারের এমন আখ্যার দুদিন পর মুস্তাফিজকে নিয়ে একই কাণ্ড করেছে রাজস্থান। মুরালির জন্মদিনে নিজেদের অফিসিয়াল পেজে একসঙ্গে মুস্তাফিজ ও মুরালির ছবি আপলোড করেছে দলটি। যেখানে ক্যাপশনে তারা লিখেছেন,’‘ফিজ যখন তার রানিং শুরু করেন এবং ফিজ যখন বল ছাড়েন।”
