নিউজ ডেস্ক »
ওয়াংখেড়েতে সানরাইজার্স হায়দ্রাবাদকে ১৩ রানে হারিয়ে টানা দুই জয়ে পেলো মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইর করা ১৫০ রানের বিপরীতে ১৩৭ রানেই গুড়িয়ে যায় হায়দ্রাবাদের ইনিংস।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে মুম্বাই। ওপেনিং জুটিতেই আসে ৫৫ রান! রোহিত ২৫ বলে ৩২ রান করে ফিরলে প্রথম উইকেটের পতন হয়। ডি ককের ধীর গতির ইনিংস আর সূর্যকুমার-কিষানদের ব্যাটিং ব্যর্থতায় চাপে পড়ে মুম্বাই। ৩৯ বলে ৪০ রানে ডি কক আর সূর্যকুমার ১০, কিষান মাত্র ১২ রানে ফিরলে চাপ পড়ে পোলার্ডের উপর। কায়রন পোলার্ডের ৩ ছক্কায় ২২ বলে ৩৫ রানের ক্যামিওতে শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেটে ১৫০ রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্স।
মুম্বাইর পক্ষে পোলার্ড ৩৫ রানে অপরাজিত থাকেন, এছাড়া ডি কক ৪০ ও রোহিত শর্মা ৩২ রান করেন। ২৯ রানে ২ উইকেট নেন মুজিব ও ১৯ রানে ২ উইকেট নেন ভিজয় শংকর।
জবাবে লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে বেয়ারস্টোর তান্ডবে ওপেনিং জুটিতে ৭.৩ ওভারেই আসে ৬৭ রান! আউট হবার আগে ৪ ছক্কা ও ৩ চারে ২২ বলে ৪৩ রান করেন বেয়ারস্টো। বেয়ারস্টোর ফেরার পর থেকেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে হায়দ্রাবাদ। একসময় মনে হচ্ছিলো সহজেই জয় পাবে ডেভিড ওয়ার্নারের দল কিন্তু আগের ম্যাচের জয়ের নায়ক রাহুল চাহারের ঘূর্নিতে আসা যাওয়ার মিছিলে থাকেন মানিষ পান্ডে, ভিরাট সিংরা। ডেভিড ওয়ার্নার রান আউটের শিকার হলে জয়ের আশাও ক্ষীণ হয়ে যায়।
তবে শেষ দিকে ভিজয় শংকরের ২৪ বলে ২৮ রানে জয়ের আসা দেখালেও বুমরাহর শিকার হয়ে ভিজয় আউট হলে হায়দ্রাবাদের জয়ের আশা শেষ হয়ে যায়। বোল্টের তোপে শেষ পর্যন্ত ১৩৭ রানেই গুড়িয়ে যায় হায়দ্রাবাদের ইনিংস। ১৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে রোহিত শর্মার দল।
