নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিরাট কোহলি নামটা দেখা বা শোনার সঙ্গে সঙ্গে চলে আসে বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান কথাটা। কিন্তু বর্তমান সময়ে তার সাথে অনেকে তুলনা করেন পাকিস্তানের বাবর আজমকে। তবে বাবর আর কোহলির সম্পর্কের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার থেকে বেশি সহযোগিতার।
দুইজনই এখন নিজ নিজ দেশের জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। কোহলি আর বাবরের প্রতিদ্বন্দ্বিতার থেকে সহযোগিতায় মিলিত হওয়ার সেই কথা জানালেন বাবর নিজে। সম্প্রতি ওয়ানডে র্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় কোহলিকে হটিয়ে বাবর দখল করেছেন শীর্ষস্থান।তবে বাবর বিনয়ের সাথে মনে করিয়ে দিলেন, তার ব্যাটিংয়ে উন্নতিতে অবদান আছে কোহলিরই।
বাবরের ভাষায়,”আগে আমি নেটে কম গুরুত্ব দিয়ে ব্যাটিং অনুশীলন করতাম। তবে ধীরে ধীরে এটা কাটিয়ে উঠেছি। বুঝতে পেরেছি, যদি নেট সেশনকে গুরুত্বের সাথে না নেই তাহলে ম্যাচে কীভাবে পারফর্ম করব?’’
বাবরকে কোহলিই বলেছিলেন, তিনি যেন নেট সেশনকেও ম্যাচের সমান গুরুত্ব দেন। বাবর বলেন,”এই ভাবনা থেকে একদিন কোহলির সাথে আলাপ করি। সে আমাকে জানান, নেট সেশনকে ঠিক ততটাই গুরুত্বের সাথে নিতে হবে যতটা গুরুত্বের সাথে নেওয়া হয় একটা ম্যাচকে। নেটে তুমি যদি আউট হয়ে যাও, ভুলভাল শট খেলো তাহলে ম্যাচে এসে ব্যাটিংয়ে নেমেও একই কাজ করতে থাকবে। তার এই পরামর্শ আমার অনেক কাজে লেগেছে। এখন আমি নেটে ব্যাটিং করে সন্তুষ্ট হই না। নেট সেশন ভালো না হলে সারা দিনই যেন অস্বস্তি হয়।”
