নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়ে আসরের প্রথম জয় পেলো চেন্নাই সুপার কিংস৷ পাঞ্জাবের দেওয়া ১০৭ রানের সহজ লক্ষ্যমাত্রা ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় চেন্নাই।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে দীপক চাহারের বোলিং তোপে মাত্র ২৬ রানেই ৫ উইকেট হারায় পাঞ্জাব কিংস। গেইল, রাহুলরা ছিলেন আশা যাওয়ার মিছিলে। চাহারের স্যুইংয়ে নাস্তানাবুদ পাঞ্জাব শিবির। নিজের করা এক স্পেলে ৪ ওভারে ১৩ রানের বিনিময়ে ১ মেইডেনসহ ৪ উইকেট শিকার করেন চাহার। এরপর তরুন শাহারুখ খানের ৩৬ বলে ৪৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংসে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটে ১০৬ রান সংগ্রহ করতে সমর্থ হয় পাঞ্জাব কিংস।
চেন্নাইয়ের পক্ষে চাহার ১৩ রানে ৪টি, স্যাম কারান ১৭ রানে ১টি ও ব্রাভো ১০ রানে নেন ১ উইকেট। পাঞ্জাবের পক্ষে ৩৬ বলে সর্বোচ্চ ৪৭ রান করেন শাহারুখ খান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি চেন্নাই। তরুন রুতুরাজ গাইকোডের আরেকটি ব্যর্থতার ইনিংসের দিনে দ্রুত ওপেনিং জুটিতে ভাঙ্গন ধরে। তবে ২য় উইকেটে মঈন আলী ও ফাফ ডু প্লেসিসের ৭০ রানের জুটিতে সহজ জয়ের দিকে এগোলেও ৯ রানের মাথায় তিন উইকেট হারায় চেন্নাই। তবে অল্প রানের লক্ষ্যমাত্রা হওয়ায় ৬ উইকেটের সহজ জয় পায় চেন্নাই।
চেন্নাইর পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন মঈন আলী। অপরদিকে, ১৭ রানে দুই উইকেট নেন মোহাম্মদ শামি।
