নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
২০১৮ সালের মে মাসে সবাইকে হঠাৎ চমকে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় জানান এবি ডি ভিলিয়ার্স। তবে মাঝে গুঞ্জন ওঠেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে অবসর ভেঙে ক্রিকেটে ফিরছেন তিনি। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপেই ফিরবেন সাবেক এই ব্যাটসম্যান।
করোনার কারণে সেই বিশ্বকাপ পিছিয়ে যাওয়ায় সমর্থকদের স্বপ্ন বাড়তে শুরু করে। তবে চলতি বছরের শেষের দিকে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই আবারও কথা ওঠছে ডি ভিলিয়ার্সের ফেরা নিয়ে। বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার ভাবনায় রয়েছেন ডি ভিলিয়ার্স! দেশটির প্রধান কোচ মার্ক বাউচারের কথাতে এমনই ইঙ্গিত মিলেছে।
এক সাক্ষাৎকারে বাউচার বলেন,’‘আইপিএল খেলতে যাওয়ার আগে আমি তার সঙ্গে আড্ডা দিয়েছিলাম। আলোচনাটি এখনও খোলামেলা। এবি এমন একজন ব্যক্তি যে আইপিএলে ভালো পারফর্ম করতে চায়। নিজেকে প্রমাণ করতে চায় যে সে এখনও বিশ্ব ক্রিকেটের গুরত্বপূর্ণ একজন।’’
তিনি আরও বলেন,”সে যে কোনো পর্যায়ে আধিপত্য বিস্তার করতে পারে। আমি তাকে বলেছিলাম যে যাও তুমি তোমার কাজ করো। আইপিএল শেষে তোমার সঙ্গে আবার কথা হবে। আমরা এখন পর্যন্ত এই পর্যায়ে রয়েছি।’’
