আশাই করিনি একাদশে সুযোগ পাবো: মিলার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

গেল বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরে রাজস্থান রয়্যালসের একাদশে নিয়মিত খেলেছেন বেন স্টোকস, জফরা আর্চার, স্টিভ স্মিথ এবং জস বাটলার। যে কারণে সেই মৌসুমে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন ডেভিড মিলার। তবে চলতি আসরে দলে সুযোগ পাওয়ারই আশা করেননি দক্ষিণ আফ্রিকার বাঁহাতি এই ব্যাটসম্যান।

প্রথম ম্যাচে সুযোগ না পেলেও কপাল খুলেছে দ্বিতীয় ম্যাচে। ইনজুরির কারণে স্টোকস পুরো মৌসুম থেকে ছিটকে যাওয়ায় সুযোগ পেয়েই সেটা কাজে লাগাতে ভুল করেননি মিলার।

গতকাল ৪৩ বলে ৬২ রান করে ফিরলেও ততক্ষণে রাজস্থানের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন মিলার। রাজস্থানের প্রথম জয় পাওয়ার ম্যাচে দলের সবচেয়ে বড় ভূমিকা রাখা মিলারই কিনা এবারের আসরে একাদশে সুযোগ পাওয়ার আশা করেননি। দিল্লির বিপক্ষে ম্যাচ শেষে মিলার জানিয়েছেন, গেল বছর থেকেই দলে জায়গা পাওয়ার প্রত্যাশা করেননি। তবে সুযোগ পেলে খেলার জন্য প্রস্তুত ছিলেন।

এ প্রসঙ্গে মিলার বলেন,’‘গত বছর থেকেই আমি খেলাার প্রত্যাশা করছিলাম না। তবে আপনাকে খেলার জন্য সবসময়ই প্রস্তুত থাকতে হবে। দুর্ভাগ্যক্রমে, স্টোকল আঙুল ভাঙার কারণে মিস করছে, যা আমাদের জন্য বড় ক্ষতি। তবে এটি অন্যকে সুযোগ দেয়।’’

মিলার জয়ের ভিত গড়ে দিলেও ম্যাচের শেষটা করেছেন মরিস। আউট হলেও শেষ দিকে মরিস শেষ করতে পারবেন বলেই হাফ সেঞ্চুরির পর আক্রমণাত্বক ব্যাটিং করেন মিলার। তিনি বলেন,”সেখান থেকে বেরিয়ে এসে কয়েকটি বল হিট করাটা ভালো ছিল। আমরা শুরুতে কিছুটা ভুগছিলাম তবে প্রথম বাউন্ডারি পাওয়ার পর স্বস্তিদায়ক ছিল। আমি জানতাম যে যখন আউট হবো তখন বিগ ম্যান মরিস এখান থেকে টেনে নিয়ে যাবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »