নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইসিসির এন্টি-করাপশন কোডের পাঁচটি ধারা ভঙ্গ করার অপরাধে ৮ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক। তাঁর এমন জগন্যতম কাজের কারণে দিনটিকে জিম্বাবুয়ের ক্রিকেটের কালো দিন হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান তাভেংবা মুকুহলানি।
গত বুধবার তাঁর বিরুদ্ধে সব ধরণের অভিযোগ এনে এই শাস্তি প্রধান করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসি। মূলত দলের ভিতরের খবর জুয়াড়িদের কাছে প্রকাশ করাই ছিল তার কাজ। স্ট্রিকের এমন কাণ্ডে দেশটির ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
স্ট্রিক বলেই এমন কাণ্ডে অবাক হয়েছেন জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের প্রধান তাভেংবা মুকুহলানি। তিনি বলছেন,”স্ট্রিকের বিরুদ্ধে আইসিসির নেওয়া সিদ্ধান্তকে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড সাধুবাদ জানাচ্ছে। এটি অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক অধ্যায়। যা কিনা ইতিহাসের পাতায় জিম্বাবুয়ে ক্রিকেটের সবচেয়ে কালো দিন হিসেবে ধরা যেতে পারে।”
হিথ স্ট্রিককে লোভী, স্বার্থপর মানুষ হিসেবে আখ্যা দিয়েছেন জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের প্রধান। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়,”তিনি যেহেতু অতীতে জিম্বাবুয়ে দলের অধিনায়ক এবং পরবর্তীতে বেশ কয়েক বছর কোচিং করিয়েছেন- তিনি অনেক তরুণের আদর্শ ক্রিকেটার ছিলেন। কিন্তু এখন আমরা এবং পুরো বিশ্ব জানে, স্ট্রিক দুর্নীতিগ্রস্থ, লোভী ও স্বার্থপর চরিত্রের মানুষ ছিলেন। যিনি কিনা তাঁর মর্যাদা এবং অবস্থানের নোংরা ব্যবহার করেছেন।”
তাভেংবা আরও জানান,”তিনি ক্রিকেটের মতো ভদ্রলোকের খেলাকে নিচে নামিয়েছেন। যেসব দলের কোচের ভূমিকায় ছিলেন, সেসব দল এবং ক্রিকেটারদের হতাশ করেছেন। তিনি জাতিকে হতাশ করেছেন।”
