নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গতকাল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে জয় যখন অনিশ্চিত তখন ব্যাট হাতে জ্বলে ওঠেন অলরাউন্ডার ক্রিস মরিস। শেষ দুই ওভারে চার ছক্কা মারা মরিস ম্যাচ শেষে মজা করে জানালেন গলফ খেলার কারণেই নাকি এভাবে ছক্কা মারতে সুবিধা হয়েছে। সঙ্গে যোগ করেন মেরে খেলার জন্যই তাঁকে টাকা দেয়া হয়।
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিলামে রেকর্ড ভেঙে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে মরিসকে দলে নিয়েছিল রাজস্থান। নিজের দ্বিতীয় ম্যাচে এসে দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডার ঠিকই বুঝিয়েছেন তাঁর মূল্য কেন ১৬ কোটি ২৫ লাখ রুপি।
জয়ের জন্য গতকাল শেষ দুই ওভারে রাজস্থানের প্রয়োজন ছিল ২৭ রান। ১৯তম ওভারে কাগিসো রাবাদাকে ২ ছক্কার মারার সঙ্গে ওই ওভারে ১৫ রান নেন। শেষ ওভারে রাজস্থানের যখন জয়ের জন্য ১২ রান দরকার তখন প্রথম বলে দুই রান নেয়ার পর দ্বিতীয় বলে কারানকে ছক্কা মারেন মরিস।
চতুর্থ বলে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ছক্কা মেরে রাজস্থানের জয় নিশ্চিত করেন মরিস। ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডার জানিয়েছেন এমন আক্রমণাত্বক ব্যাটিং করার জন্যই তাঁকে টাকা দেয়া হয়। সেই সঙ্গে মিলারকেও কৃতিত্ব দিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে মরিস বলেন,”ক্রিকেট খেলায় এমন কিছু প্রায়ই হয়। দিল্লি খুব ভালো বোলিং করেছে, ডেভ (ডেভিড মিলার) অবিশ্বাস্য ইনিংস খেলেছে। টি-টোয়েন্টি ক্রিকেটে যে কোনো কিছুই হতে পারে, সৌভাগ্যক্রমে আজকে আমাদের পক্ষে গেছে। অনেকে ব্যাটিং করার জন্য টাকা পায়, অনেকে স্লগ করার জন্য। আমি জানি, আমার দায়িত্ব কি। আমি একজন স্লগার, ইচ্ছে মতো ব্যাট ঘোরাতে পারি। এজন্যই আমি এতো গলফ খেলি।’’
