নিউজ ডেস্ক »
সর্বপ্রথম টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষে উঠেছিলেন বাবর আজম। গতকাল বুধবার ওয়ানডেতেও র্যাংকিংয়ের সেরা ব্যাটসম্যান হওয়ার স্বাদ পেয়েছেন বাবর। পাকিস্তানি ব্যাটসম্যান এখন দৃষ্টি রাখছেন সবচেয়ে মর্যাদার ফরম্যাট টেস্ট ক্রিকেটে।
গতকাল বুধবার (১৪ এপ্রিল) ওয়ানডে র্যাংকিংয়ের হালনাগাদ করে আইসিসি। নতুন র্যাংকিংয়ে বাবর অবস্থান করছেন ব্যাটসম্যানদের শীর্ষে। বাবরের কারণে দীর্ঘদিন পর শীর্ষস্থান হারাতে হয়েছে সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিকে। বাকি এবার সেই টেস্ট, যেখানেও সেরা ব্যাটসম্যানের আসনে বসতে চান বাবর। ওয়ানডের চূড়ায় বসে এমন প্রত্যয়ই ব্যক্ত করলেন পাকিস্তানের অধিনায়ক।
বাবর বলেন,’‘আমার ক্রিকেট ক্যারিয়ারের বড় এক মাইলফলক এটি। দীর্ঘ সময়ের জন্য এক নম্বরে নিজের জায়গা ধরে রাখতে গেলে আমাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে, ব্যাট হাতে আরও ধারাবাহিক রান করে যেতে হবে।’’
সেই ধারাবাহিকতা শুধু টি-টোয়েন্টি বা ওয়ানডেতে নয়, টেস্টেও রাখতে চান বাবর। তিনি জানান,’‘এর আগে আমি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকার এক নম্বর স্থান দখল করেছিলাম। তবে আমার মতে, টেস্ট ক্রিকেটই হল আসল ফরম্যাট। ব্যাটসম্যানদের আসল দক্ষতা আর যোগ্যতা পরিমাপের মানদন্ড এই টেস্ট ক্রিকেট। এখন টেস্ট র্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বর স্থান দখল করাই আমার আসল লক্ষ্য।”
