বাবর-রিজওয়ানের তান্ডবে পাকিস্তানের জয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাবর আজমের মেইডেন সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিককে ৯ উইকেটে হারিয়ে সিরিজে ২-১ এ এগিয়ে গেলো পাকিস্তান। ২০৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৯ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় দক্ষিণ আফ্রিকা। মার্করামের ৩১ বলে ৬৫ আর জানেমাল মালানের ৪০ বলে ৫৫ রানের ইনিংসে বড় রানের স্বপ্ন দেখে প্রোটিয়ারা। মোহাম্মদ নাওয়াজ দুইজনকে ফেরালেও জর্জ লিন্ডের ১১ বলে ২২ আর ভ্যান ডার ডুসেনের ২০ বলে ৩৪ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০৩ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের পক্ষে নাওয়াজ সর্বোচ্চ ২ উইকেট লাভ করেন।

জবাবে লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে অধিনায়ক বাবর আর সহ-অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের তান্ডবে দিশেহারা হয়ে পড়ে প্রোটিয়া বোলাররা। মাত্র ২৭ বলে ফিফটি তুলে নেন বাবর। আরেকপ্রান্তে ফিফটি করেন মোহাম্মদ রিজওয়ান। বাবরের দূর্দান্ত ব্যাটিংয়ে দ্রুত রান বাড়তে থাকে স্কোরবোর্ডে। ৪৯ বলে নিজের মেইডেন টি-টোয়েন্টি সেঞ্চুরি গড়েন বাবর। ৫৯ বলে ১২২ রানের রেকর্ড গড়া ইনিংস খেলে বাবর যখন আউট হন দলের প্রয়োজন মাত্র ৮ রান। ফখর জামান নেমেই পরের দুই বলে দুই বাউন্ডারিতে পাকিস্তানের জয় নিশ্চিত করেন ৯ উইকেটের।

অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে এটি সর্বোচ্চ রানের ইনিংস। পাকিস্তানি হিসেবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এটি। এছাড়া পাকিস্তানি হিসেবে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের ইনিংস এটি। এর আগে আজ বিকেলে অফিসিয়ালি ওয়ানডেতে এক নম্বর ব্যাটসম্যান হন বাবর।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »