নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
লকডাউন ঘোষণার সাথে সাথে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে বাংলাদেশের বেতনের বাইরে থাকা ক্রিকেটারদের। বিশেষ করে যারা দ্বিতীয় বিভাগ এবং তৃতীয় বিভাগ ক্রিকেট খেলে থাকেন, কারণ এক বছরেরও বেশি ধরে তাদের কোনো টুর্নামেন্ট হয় না।
করোনার পর গত মার্চ মাসে শুরু হয়েছিল জাতীয় ক্রিকেট লিগ। কেবল দুই রাউন্ড খেলার পরেই আবার অনির্দিষ্টকালের জন্য তা স্থগিত হয়ে গিয়েছে। গেল এক বছরে নিয়মিত ঘরোয়া টুর্নামেন্টই মাঠে গড়ায়নি। ফলে এখন আর্থিক সংকটে পড়েছেন ক্রিকেটাররা। সবার প্রতিনিধি হয়ে গণমাধ্যমের সাথে এই ব্যাপারে কথা বলেছেন পেসার কামরুল ইসলাম রাব্বি।
তিনি বলেন,’‘এনসিএল শুরুর পরেই আবার দেশে করোনা পরিস্থিতি খারাপ অবস্থা ধারণ করে। তখন আসলে বিসিবিরও কিছু করার ছিল না। তবে আমরা বায়ো-বাবলের মধ্যে থেকে টুর্নামেন্ট শেষ করতে পারলে ভালো হত। লকডাউন উঠিয়ে দিলে সাথেসাথে আবার খেলা শুরু করা উচিত। কারণ খেলোয়াড়দের আর্থিক অবস্থা আসলেই ভালো না। আমরা যতটুকু খোঁজ নিয়েছি, অবস্থা খুবই খারাপ; এরচেয়ে খারাপ আর হতে পারে না। মাঝে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্য কিছু খেলোয়াড়রা টিকে আছে, কিন্তু বেশির ভাগই ভালো অবস্থায় নেয়।’’
রাব্বি আরো বলেন,’‘প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগসহ যারা প্রথম শ্রেণি, বিপিএল, ডিপিএল খেলে না, এরা বেশির ভাগ খেলোয়াড়রা এখন বিপদে আছেন। যারা এগুলো খেলে তাদেরও মাসে খরচ ১ থেকে দেড় লাখ টাকা, বসে বসে একবছর পার করলে প্রায় ১৬-১৭ লাখ টাকা চলে যায়। প্রত্যেকটি খেলোয়াড়ের জন্যই এটি বিশাল ধাক্কা। আমরা প্রথম শ্রেণির ক্রিকেটাররা যেই বেতন পাচ্ছি, সেটা দিয়ে মোটামুটি চলা যায়। যারা বেতনে নেই, তাদের অবস্থা আরও খারাপ। আমরা ৯০ জন আর জাতীয় দলের খেলোয়াড়েরা বেতন পাচ্ছি। তাছাড়া সব খেলোয়াড়ই বেতনের বাইরে। যারা বেতনের বাইরে তাদের অবস্থা খুবই খারাপ।’’
