নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মোট ১৩ আসরের মধ্যে দুইবারের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স। আর সেই (২০১২ এবং ২০১৪) শিরোপা জয়ী সেই কলকাতা দলের সদস্য ছিলেন সাকিব আল হাসান।
এরপর সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন এই অলরাউন্ডার। চলতি আসরের নিলাম থেকে আবারও সাকিবকে দলে নিয়েছে কলকাতা। সেখানেই প্রথমবারের মতো সতীর্থ হিসেবে পেয়েছেন হরভজন সিংকে।ভারতের এই সাবেক স্পিনার সাকিবকে কিংবদন্তিতুল্য ক্রিকেটার হিসেবে মূল্যায়ন করেছেন। হরভজন জানিয়েছেন সাকিবের মতো একজন মানুষের সাথে ড্রেসিং রুম ভাগাভাগি সত্যিই আনন্দের।
মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচের আগে তিনি বলেছেন,”সাকিব একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার। সে তাঁর দেশের জন্য অনেক অবদান রেখেছে। আইপিএলে অন্য দলগুলোর হয়ে সে ভালো করেছে। বাংলাদেশ থেকে আসা একজন কিংবদন্তির সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করে নেয়াটা সত্যিই আনন্দের। তাঁর মতো দারুণ মানুষের পাশাপাশি থাকাও উপভোগ্য। শুধু আইপিএল নয় ভবিষ্যতে তাঁর দেশের জন্যও ভালো করবে বলে আশাবাদী আমি।”
প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ ইনিংসের তৃতীয় ওভারেই সাকিবের হাতে বল তুলে দিয়েছিলেন কলকাতার অধিনায়ক ইয়ন মরগান। ঋদ্ধিমান সাহাকে বোল্ড করে অধিনায়কের ভরসার প্রতিদান দিয়েছিলেন প্রথম বলেই।
