নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শেষ দুই আসরে সময়টা মোটেও ভালো যাচ্ছে না কলকাতা নাইট রাইডার্সের। যে কারণে সেই ব্যর্থতা থেকে বের হয়ে আসার জন্য সর্বশেষ মৌসুমের মাঝপথে দীনেশ কার্তিককে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে তাঁর বদলি হিসেবে ইয়ান মরগানকে দায়িত্ব দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি।
চলতি মৌসুমেও কলকাতাকে নেতৃত্ব দিচ্ছেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক। গতকাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ম্যাচে মরগানের প্রশংসা করেছেন আন্দ্রে রাসেল। সেই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার জানিয়েছেন, খেলার জন্য সবাইকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন মরগান।
রাসেল বলেন,”মরগান বেশ শান্ত শিষ্ট এবং সে আমাদের সকল প্রকার স্বাধীনতা দিয়েছে। যদি কাজ না হয় তবেই কেবল হস্তক্ষেপ করবে। আমরা যদি কোনো দলের বিপক্ষে এগিয়ে থাকতে চাই তাহলে আমাদের অবশ্যই সেরাটা দিতে হবে।’’
নিজের সবটুকু উজাড় করে দিতে মুখিয়ে রয়েছেন তিনি। রাসেল বলেন,’‘আমি গত বছরের তুলনায় আরও ভালো অবস্থায় আছি। তাই আমি গেল বছরের তুলনায় আরও ভালো পারফরম্যান্সের প্রত্যাশা করছি। আমি আমার শরীরটাকে এখন ঠিক জায়গায় রাখতে পারি কারণ আমি অনেক ফিট।’’
তিনি আরো বলেন,”খেলা আবারো ভারতে ফিরেছে এটা ভালো দিক। সংযুক্ত আরব আমিরাত দারুণ কিন্তু আপনি যখন আইপিএল নিয়ে কথা বলবেন তখন ভারত নিয়েও কথা বলতে হবে। আমি এখানে খেলে অভ্যস্ত হয়েছি এবং এখানে ভালো করার প্রত্যাশা করছি।”
