নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে ১০ রানে হারিয়ে জয় দিয়ে আইপিএল মিশন শুরু করলো সাকিবের কলকাতা নাইট রাইডার্স। তবে ব্যাট-বল হাতে হতাশাজনক দিন ছিলো সাকিবের।
প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে নিতিশ রানা ও শুভমান গিল। ওপেনিং জুটিতেই আসে ৫৩ রান। ব্যক্তিগত ১৫ রানে গিল ফিরলে ২য় উইকেটে তিরিপাথিকে আবারো ঝড়ো ব্যাটিং শুরু করেন রানা। দু’জনেই তুলে নেন অসাধারণ ফিফটি। দু’জনে মিলে জুটি গড়েন ৯৩ রানের। একসময় মনে হচ্ছিলো দুইশো রানের কোটাও পার করে ফেলবে কলকাতা। তবে তিরিপাথির পর রাসেল-মরগানরা দ্রুত ফিরলে সেই আশাও ক্ষীণ হয়ে যায়। তবে শেষ দিকে রানার ৫৬ বলে ৮০ আর কার্ত্তিকের ৯ বলে ২২ রানে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করে কলকাতা নাইট রাইডার্স।
কলকাতার পক্ষে সর্বোচ্চ ৮০ রান করেন নিতিশ রানা।হায়দ্রাবাদের পক্ষে মোহাম্মদ নাবি ৩২ রানে ও রাশিদ খান ২৪ রানে নেন দু’টি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে প্রাসিদ কৃষ্ণা ও সাকিবের বোলিংয়ে মাত্র ১০ রানেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে হায়দ্রাবাদ। তবে ৩য় উইকেটে বেয়ারস্টো-পান্ডের ৯২ রানের জুটি হায়দ্রাবাদকে জয়ের আশা দেখালেও রান রেটের চাপে শেষ দিকে উইকেট হারিয়ে চাপে পড়ে হায়দ্রাবাদ! মানিষ পান্ডে ফিফটি করলেও দলকে জেতাতে পারেননি। শেষ দিকে আব্দুল সামাদ দুই ছক্কায় চেষ্টা করলেও হায়দ্রাবাদ হারে ১০ রানের ব্যবধানে।
৪৪ বলে ৬১ রানে অপরাজিত থাকেন মানিষ পান্ডে, ৫৫ রান করেন জনি বেয়ারস্টো। কলকাতার পক্ষে ৩৫ রানে ২ উইকেট নেন প্রাসিদ কৃষ্ণা।
ব্যাট হাতে ৫ বলে ৩ রানে আউট হওয়ার পর আইপিএলে ফেরার দিনে নিজের প্রথম ওভারের প্রথম বলেই ঋদ্ধিমান সাহাকে বোল্ড করেন সাকিব। প্রথম ওভারে দেন মাত্র ১ রান। তবে শেষ ৩ ওভারে ৩৩ রান দিয়ে বল হাতে বাজে সময় পার করেন সাকিব।
