নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বক্রিকেটে করোনার প্রকোপ এখনো তেমন কমেনি। যে কারণে গেল বছর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) অনুষ্ঠিত হলেও এবার পুরো আসর অনুষ্ঠিত হচ্ছে ভারতে। গতকাল শুক্রবার (৯ এপ্রিল) মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে এবারের আসর।
ছেলেদের পর এবার উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ নামের নারীদের আইপিএল মাঠে গড়ানোর পরিকল্পনা করছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ধারণা করা হচ্ছে, দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে এবারের আসর। দিল্লির মাঠে ছেলেদের খেলা শেষেই শুরু হবে এ টুর্নামেন্ট। এখনও চূড়ান্ত না হলেও ভারতীয় সংবাদমাধ্যমগুলো এমনই প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে বাড়তে যাচ্ছে দলের সংখ্যা। যেখানে সর্বশেষ আসর তিন দলের হলেও এবারের আসরে একটি দল বাড়তে পারে বলে দাবি করছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। তবে সেটি নির্ভর করতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ক্রিকেটারদের ওপর। কারণ এই তিন দেশের নারী ক্রিকেটাররা এবারের উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে অংশগ্রহণ করলেই কেবল দল বাড়বে বলে জানিয়েছেন তাঁরা। গেল মৌসুমে দেখা যায়নি অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের।
