নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশের শ্রীলঙ্কা সফর নিয়ে জল ঘোলা কম হয়নি, মহামারী করোনা, কোয়ারেন্টাইন ইস্যুতে বারবার পিছিয়েছে বাংলাদেশের লংকা যাত্রা। অবশেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাচ্ছে বাংলাদেশ।
শ্রীলঙ্কার বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ দুটো ম্যাচ খেলতে আগামী ১২ এপ্রিল বিশেষ বিমানে দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। তবে ওই বিশেষ বিমান কিংবা ‘চাটার্ড ফ্লাইটে’ ২১ সদস্যের বড় প্রাথমিক দল নিয়ে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলংকায় গিয়েই বিসিবি ঘোষণা করবে চূড়ান্ত দল।
শ্রীলঙ্কায় অনুশীলনের জন্য বোর্ড থেকে লোকাল ক্রিকেটার না দেওয়ার কারনেই ২১ সদস্যের বড় বহর নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছে বিসিবি । আজ কিংবা আগামীকালকের মধ্যেই প্রাথমিক দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
শ্রীলঙ্কায় গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলার জন্যও দল দিবে না লংকান বোর্ড, যার কারনে নিজেদের মধ্যে ভাগ হয়েই খেলতে হবে প্রস্তুতি ম্যাচ। নান্নু বলেন, “প্রাথমিক দল নিয়ে আমরা শ্রীলঙ্কায় যাব। সেখানে প্রস্তুতি ম্যাচের পর মূল স্কোয়াড ঘোষণা করব। যেহেতু প্রস্তুতি ম্যাচের জন্য শ্রীলঙ্কার খেলোয়াড়দের পাব না, নেট বোলার পাব না- সে কারণে বড স্কোয়াড নিয়ে শ্রীলঙ্কায় যাব আমরা।”
এদিকে শ্রীলঙ্কা সফরের আগে মিরপুরে অনুশীলন সেরেছেন ক্রিকেটাররা। অনুশীলনে ছিলেন মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ সহ বেশ কয়েকজন ক্রিকেটার।
