নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বড় ধরণের চমক রেখেই ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। প্রথমবারের মতো কিউই টেস্ট দলে ডাক পেলেন ২১ বছর বয়সী অলরাউন্ডার রাচিন রবীন্দ্র, পেসার জ্যাকব ডুফি ও ডেভন কনওয়ে। এছাড়া দীর্ঘদিন পর চোট কাটিয়ে টেস্ট দলে ফিরলেন কলিন ডি গ্র্যান্ডহোম, আজাজ প্যাটেল ও ডগ ব্রেসওয়েল।
ইশ সোধির পর সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে টেস্টে অভিষেক হতে যাচ্ছে রাচিন রবীন্দ্রর। রাচিন মূলত ওপেনার হলেও ব্যাট করতে পারেন মিডল অর্ডারে। পাশাপাশি তার বাঁহাতি স্পিনও বেশ কার্যকর। আর ২৬ বছর বয়সী ফাস্ট বোলার ডাফি গত ডিসেম্বরে টি-টোয়েন্টি অভিষেকে পাকিস্তানের বিপক্ষে নেন ৪ উইকেট। এছাড়া বাংলাদেশের বিপক্ষে সাদা বলে দুর্দান্ত খেলা কনওয়ে সুযোগ পেয়েছেন প্রত্যাশিতভাবে।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দুটি হবে ২ জুন থেকে। দ্বিতীয় ও শেষে টেস্ট শুরু ১০ জুন। দুটি টেস্ট অনুষ্ঠিত হবে যথাক্রমে লর্ডস ও এজবাস্টনে। এরপর ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ জুন থেকে, সাউদাম্পটনে।
নিউজিল্যান্ডের ২০ সদস্যের টেস্ট স্কোয়াড:
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্ল্যান্ডেল, ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডুফি, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেইলর, নেইল ওয়েগনার, বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক) ও উইল ইয়ং।
