নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সুযোগ সবসময় আসে না, আবার সুযোগ আসলেও কখনো ভাগ্যের কাছে হারতে হয়। ঈশান পোড়েল হয়তো সেই ভাগ্যকেই দোষারোপ করতে পারেন।ভারতের হয়ে সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন নেট বোলার হিসেবে। তবে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে দেশে ফিরতে হয় তাঁকে। চোট না থাকলে হয়তো অস্ট্রেলিয়াতেই অভিষেক হতে পারতো এই ভারতীয় পেসারের। তাঁর সঙ্গে থাকা বাকি ৩ নেট বোলারদের বেলায় তাই ঘটেছে।
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ঈশান খেলবেন পাঞ্জাব কিংসের হয়ে। আইপিএলের মঞ্চে অভিষেক না হওয়া এই বোলারের স্বপ্ন বিরাট কোহলির উইকেট শিকার করা।নিজের এমন স্বপ্ন নির্ধারণ করেছেন পাঞ্জাব কিংসের এই পেসার। অবশ্য এমন স্বপ্ন পূরণের আগে ব্যাপক কাঠখড় পোড়াতে হয়েছে তাঁকে।
ঈশান বলেন,”এটা একটা প্রক্রিয়া যার ভেতর থেকে আপনাকে যেতে হবে। আপনাকে ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আইপিএলেও ভালো করতে হবে। আপনি যেখানেই খেলেন না কেন, প্রতিটি সুযোগই কাজে লাগাতে হবে। এখন আমার পুরো মনোযোগ আইপিএল ঘিরে। যেমনটা বলেছি, আমি চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি। দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে হলে সঠিক সময়ে সঠিক মঞ্চে যোগ্যতা প্রমাণ করতে হবে।’’
শুধু খেলতে নয়, খেলার সুযোগ পেলে নিতে চান নিজের স্বপ্নের উইকেট। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ককে আউট করাটাই নাকি স্বপ্নপূরণের সমান ঈশানের কাছে।
এ প্রসঙ্গে তিনি বলেন,’‘মজার ব্যাপার হচ্ছে, রঞ্জি ট্রফিতে আমি রাহুল ভাইকে (কে এল রাহুল) আউট করেছিলাম, তাই সে আশা আমার পূর্ণ হয়েছে। রোহিত শর্মা ফাস্ট বোলিংয়ের বিপক্ষে দুর্দান্ত। গুড লেংথের বলকেও সে খুব সহজে হিট করতে পারে। অবশ্যই তাদের উইকেট নিতে পারাটা স্বপ্ন সত্যিই হওয়ার মতো ব্যাপার হবে। কারণ আমার শৈশব কেটেছে ভারতের হয়ে তাঁদেরকে ম্যাচ জেতানো দেখতে দেখতে। তবে হ্যাঁ, বিরাট কোহলির উইকেট নিতে চাই, কারণ তিন ফরম্যাট মিলিয়ে সে হচ্ছে এক নাম্বার ব্যাটসম্যান।”
