নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনা ভাইরাস প্রকোপ মোকাবেলায় সারা দেশ জুড়েই চলছে কঠোর লকডাউন। আর এই লকডাউনের কারণেই নিদিষ্ট তারিখ থেকে ছয় দিন পিছিয়ে গেল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বাংলাদেশ সফরের সময়সীমা।
প্রথমে সূচি অনুযায়ী চলতি মাসের ১১ এপ্রিল বাংলাদেশ সফরে আসার কথা ছিল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের। পরবর্তীতে নতুন সূচিতে তারা আগামী ১৭ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে।
ঢাকায় পা রেখে পাকিস্তান দল সরাসরি সিলেটে চলে যাবে। সেখানেই তারা কোয়ারেন্টিনে পালন করবে। এরপরই মিলবে অনুশীলন করার সুযোগ। ২৩ এপ্রিল থেকে সিরিজের চার দিনের একমাত্র ম্যাচটি সিলেটে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচও অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে।
নতুন সূচি অনুযায়ী ৩০ এপ্রিল, ২ ও ৪ মে প্রথম তিন ওয়ানডে। এরপর সিরিজের বাকী দু’ম্যাচ খেলতে ঢাকায় ফিরবে বাংলাদেশ ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে যা অনুষ্ঠিত হবে ৭ ও ৯ মে। সিরিজ শেষ করে আগামী ১০ মে দেশের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়বে পাকিস্তানের যুবারা।
