নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষ দুই আসর ধরে প্লে অফে খেলতে পারে না কলকাতা নাইট রাইডার্স। নেট রান রেটে পিঁছিয়ে থাকার কারণে দুবারই পঞ্চম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করতে হয়েছে দলটিকে। দলের ব্যাটিং পজিশনের তিন নম্বর জায়গাটা দেখা গেছে বেশ নড়বড়ে কলকাতার।
নিতিশ রানা খেলেছিলেন গত আসরের তিন নম্বর পজিশনে। তবে ব্যাট হাতে তিনি ধারাবাহিক ছিলেন না। এবার এই পজিশনের জন্য সাকিব আল হাসানকে যোগ্য মনে করছেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। সাকিব তিনে খেললে কলকাতা প্লে অফে খেলবে বলেও মনে করেন তিনি।
কারণ হিসেবে হার্শা দেখিয়েছেন, ২০১৯ বিশ্বকাপে তিন নম্বর পজিশনে সাকিবের অসাধারণ ব্যাটিং কাব্য। এ ছাড়া তিনি কলকাতার ওপেনিংয়ে রেখেছেন শুভমান গিল এবং নিতিশ রানাকে। বর্তমান সময়ে ফর্ম ভালো নয় সুনিল নারিনের তাই তাকে একাদশের বাইরেই রেখেছেন হার্শা।
ক্রিকবাজের একটি ভিডিওতে হার্শা বলেন,”কলকাতার ব্যাটিং অর্ডারে সাকিব তিন নম্বর পজিশনের জন্য একজন উপযুক্ত ব্যাটসম্যান। ও তিন নম্বরে খেললে চার, পাঁচ এবং ছয় নম্বর পজিশনের ব্যাটসম্যানরা স্বাচ্ছন্দ্যে খেলতে পারবে। তাদের ব্যাটিং অর্ডারটাও তখন সুন্দরভাবে সাজানো যাবে।”
তিনি আরো বলেন,”এবং আপনি যদি ৪ ওভারে ৩১ রান দিয়ে উইকেট শূন্য থাকতে চান সেটাও আপনাকে সাকিব দিতে পারবে। এ ছাড়া আমি মনে করি সাকিব তিন নম্বর পজিশনের যোগ্য। কারণ ২০১৯ সালে এই তিন নম্বর পজিশনেই সে অসাধারণ একটি বিশ্বকাপ কাটিয়েছে। তার উপস্থিতি কলকাতার ব্যাটিংকে আরো শক্তিশালী করবে।”
