নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টাইগারদের সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজ কেটেছে দুঃস্বপ্নের মত, যত দ্রতু সম্ভব তারা এ সিরিজটির কথা ভুলে যেতেই চাইবেন কেননা এ সিরিজে নেই কোন প্রাপ্তির জায়গা। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছে যার সবগুলো ম্যাচেই হেরেছে টাইগাররা। বাংলাদেশ দলের এমন ব্যর্থতায় হতাশ হাবিবুল বাশার সুমন।
সাবেক এই অধিনায়ক দীর্ঘদিন ধরেই জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পালন করছেন।কোয়ারেন্টিনের কারণে এবার নিউজিল্যান্ডে সিরিজে প্রস্তুতির সুযোগ একটু বেশিই পেয়েছে দল। তবুও এমন ব্যর্থতার কারণে আক্ষেপ ঝরলো বাশারের কণ্ঠে।
তিনি বলেন,’‘১৪ দিনের কোয়ারেন্টিন অনেক চ্যালেঞ্জিং ছিল। আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার জন্য ঐ সময়টায় আমরা ভালো সুযোগ পেয়েছিলাম। খেলার সময় যে জিনিসটা দরকার ছিল পরিস্থিতি অনুযায়ী খেলা, সেটা আমরা করতে পারিনি। কোনো বিভাগেই খুব বেশি ভালো করতে পারিনি। ব্যাটিং ভালো হয়নি, বোলিংও আশানুরূপ হয়নি। দ্বিতীয় ওয়ানডে ছাড়া বাকি ম্যাচগুলোতে খুব বেশি প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারিনি। ফিল্ডিং খুব হতাশাজনক ছিল। প্রস্তুতি কিন্তু খারাপ হয়নি আমাদের। খুব বেশি ঠাণ্ডাও ছিল না। আমি আসলে কোনো অজুহাত দিতে পারব না। কিন্তু আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি। অন্য কোনো কারণ ছিল না, ছেলেরা চেষ্টা করেছে। ঠিকভাবে মাঠে সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি।’’
নিউজিল্যান্ডে এখন পর্যন্ত সব সফর মিলিয়ে যতগুলো ম্যাচ খেলেছে বাংলাদেশ তার সব ম্যাচই হারতে হয়েছে। তবে বাশার ও মনে করিয়ে দিলেন, নিউজিল্যান্ডের কন্ডিশনে ভালো করতে পারে খুব কম দলই।
তিনি বলেন,”নিউজিল্যান্ডকে একটু আলাদা করে ভাবতে চাই। দেখুন, শুধু বাংলাদেশ না, সব দলই নিউজিল্যান্ডে গিয়ে সংগ্রাম করে। একটু ভিন্ন কন্ডিশন যেকোনো দেশের চেয়ে। অস্ট্রেলিয়া গেলেও আমাদের মনে হয় এত সমস্যা হয় না যেটা নিউজিল্যান্ডে গেলে হয়। আমি জানি না আসলে এটার পেছনে কী কারণ থাকতে পারে। আমাদের আগে অস্ট্রেলিয়া গিয়ে হেরে এসেছে। আমি কিন্তু অজুহাত দিচ্ছি না, বাকিদের সাথে তুলনা করতে চাই না। কিন্তু নিউজিল্যান্ডের কন্ডিশন যেকোনো দলের জন্যই খুব চ্যালেঞ্জিং হয়। এবার আশা ছিল ভালো দল নিয়ে গিয়েছি, ভেবেছিলাম পারফরম্যান্স আগের তুলনায় ভালো হবে, হয়নি। আমার জন্য খুব হতাশাজনক।”
