স্ট্রাইক রেট নিয়ে ভাবছেন না গিল-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ তারকা ক্রিকেটার বলা হয়ে থাকে শুভমন গিলকে। গেল আইপিএল এবং সর্বশেষ জাতীয় দলের হয়ে ইতোমধ্যে নিজের সামর্থ্যের সবটুক প্রমাণ রেখেছেন এই ওপেনিং ব্যাটসম্যান।

গেল অস্ট্রেলিয়া সফরের টেস্ট সিরিজে সবার নজর কাড়লেও ওয়ানডে সিরিজে স্ট্রাইক রেট মিলিয়ে না খেলার কারণে আবার সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। তবে গিল জানিয়েছেন স্ট্রাইক রেট নিয়ে আপাতত ভাবছেন না তিনি।

কলকাতা নাইট রাইডার্সের এই ওপেনার বলেছেন,”স্ট্রাইক রেট নিয়ে আলোচনা হলেও সেটা নিয়ে চিন্তিত নই। দলের প্রয়োজনে ২০০ স্ট্রাইক রেট বজায় রেখে ব্যাট করতে পারি। আবার দল চাইলে উইকেটে থিতু হয়েও থাকতে পারি। আসলে পরিস্থিতি অনুসারে মানিয়ে নেওয়া আমার স্বভাব।”

সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর গিলকে ভারতের ক্রিকেটে আর দেখা যায়নি। লম্বা বিরতির পর আবারো আইপিএলে খেলতে নামছেন গিল। তিনি মনে করেন এর ফলে মানিয়ে নিতে সমস্যা হবে না তাঁর।

গিলের ভাষ্য,”এটা ঠিক যে গত আইপিএলের পর আর কোনও টি-টোয়েন্টি ম্যাচ খেলিনি। কিন্তু সেটার জন্য আইপিএলে মানিয়ে নিতে সমস্যা হবে না। গত ১০-১২ দিন দলের সঙ্গে অনুশীলন করছি। তৈরি হওয়ার জন্য যথেষ্ট সময় রয়েছে।”

কলকাতার হয়ে নিয়মিত ওপেনিং করছেন গিল তবে বদল হয়েছে তাঁর সঙ্গী। এবার তাঁর ওপেনিং সঙ্গী কে হচ্ছেন এই বিষয়টি কৌশলে এড়িয়ে গিয়েছেন তিনি। গিল জানিয়েছেন দলের প্রয়োজনে যেকোনো জায়গায় ব্যাট করতে রাজি তিনি।

কলকাতার এই ওপেনার বলেন,”অধিনায়ক ও কোচের সঙ্গে এই বিষয়ে বিস্তারিত কথা হয়েছে। দলের স্বার্থে যে কোনও জায়গায় ব্যাট করতে রাজি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »