নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারত ও পাকিস্তানের মধ্যকার খারাপ সম্পর্ক নতুন নয়। তবে এই খারাপ সম্পর্কের জন্য ক্রিকেটাঙ্গনও মাঝে মাঝে অনিশ্চয়তায় ভুগে। চলতি বছরে ভারতের মাটিতে বিশ্বকাপ আয়োজনের ঘোষণা আসার পরে থেকেই পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) দুশ্চিন্তায় ছিল ক্রিকেটারদের ভিসা ও নিরাপত্তা নিয়ে। অবশেষে সেই দুশ্চিন্তার ভাঁজ কমিয়ে দিয়েছে ভারত।
এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি এহসান মানি একাধিকবার গণমাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের বিপক্ষে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে ভারত নিয়ন্ত্রণে রাখতে চায় এমন মন্তব্য বরাবরই করে আসছেন তিনি।
বিশ্বকাপের আগে পাকিস্তানের ক্রিকেটারদের নিরাপত্তা ও ভিসার নিশ্চয়তা দেওয়ার জন্য ভারতকে লিখিত প্রতিজ্ঞা জানানোর আবেদন বিসিসিআইয়ের কর্মকর্তারা ভালো চোখে দেখেননি। দফায় দফায় পেছানোর পরে পিসিবি সর্বশেষ ভারতকে শেষবারের মতো সুযোগ বেধে দিয়েছিল ৩১ মার্চ পর্যন্ত। অবশেষে জানা গেল, ভারত আইসিসিকে জানিয়েছে বিশ্বকাপ খেলার জন্য পাকিস্তানি ক্রিকেটারদের ভিসার নিশ্চয়তা নিয়ে কোনো সংশয় নেই।
