দল ধরেই জরিমানার শিকার দক্ষিণ আফ্রিকা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের মধ্যে দিয়ে দক্ষিণ আফ্রিকা ওয়ানডে বিশ্বকাপের সুপার লিগের যাত্রা শুরু করেছে। প্রথম ম্যাচে শ্বাসরুদ্ধকর হারে জরিমানার সাথে পয়েন্ট হারাতে হয়েছে দলটিকে।

সেঞ্চুরিয়নে প্রথম ম্যাচে শেষ বল পর্যন্ত জয় কাদের ছিল সেটা নিশ্চিত নয়। শেষ বলে গিয়ে জয় পায় পাকিস্তান। ফলে পাকিস্তান ম্যাচটি থেকে অর্জন করে নেয় ১০ পয়েন্ট। অপরদিকে, দক্ষিণ আফ্রিকা পয়েন্ট পাওয়া তো দূরের কথা, উল্টো পয়েন্ট হারিয়েছে এ ম্যাচে। মূলত ম্যাচটিতে মন্থর গতির ওভারের কারণে জরিমানা গুনেছে দক্ষিণ আফ্রিকা।

নির্ধারিত সময়ের থেকে ১ ওভার পিছিয়ে ছিলেন প্রোটিয়ারা। ফলে ম্যাচ ফির মোট ২০ শতাংশ জরিমানার শিকার হয়েছে দলটির খেলোয়াড়রা। শুধু জরিমানা নয়, আইসিসির নতুন নিয়ম অনুযায়ী ওয়ানডে ম্যাচে মন্থর গতির প্রতি ওভারের জন্য কাটা যাবে সুপার লিগের একটি করে পয়েন্ট। অর্থাৎ প্রথম ম্যাচ খেলেই যোগের খাতায় ০ নিয়ে, বিয়োগের খাতায় ১ পেয়েছে প্রোটিয়ারা।

এই অভিযোগ মেনে নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। ফলে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। দক্ষিণ আফ্রিকা ছাড়াও সাম্প্রতিক সময়ে ভারত এবং ইংল্যান্ডও এই জরিমানার শিকার হয়েছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »