নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সেঞ্চুরিয়নে গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। একটা সময় পাকিস্তানের জন্য জয়টা খুব সহজ মনে হলেও শেষ পর্যন্ত কঠিন করেই জিতেছে স্বাগতিকরা। ম্যাচ শেষে পাকিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান ইমাম উল হক জানালেন, দর্শকদের বিনোদন দিতেই সহজ ম্যাচ কঠিন করে জেতে পাকিস্তান।
গতকাল জয়ের জন্য শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিলো মাত্র ৩ রান। তবে প্রথম বলে শাদাবকে ফিরিয়ে ম্যাচ জমজমাট করে তোলে অ্যান্ডি ফ্লেকওয়ে। পরের দুই বলে ফ্লেকওয়ের বাউন্সারে পরাস্ত হন ফাহিম। এর ফলে সমীকরণ গিয়ে দাঁড়ায় ২ বলে ৩ রান। পঞ্চম বলে লং অফ ও লং অনের মাঝে দিয়ে দুই রান নিয়ে স্কোর লেভেল করেন ফাহিম। শেষ বলে কভার পয়েন্টের মাঝ দিয়ে ড্রাইভ করে দলের জয় নিশ্চিত করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। সহজ ম্যাচ কঠিন বানিয়ে ৩ উইকেটের জয়। দর্শকদের বিনোদর দিতেই নাকি পাকিস্তানের এমন জয়।
ম্যাচ শেষে মজা করে ইমাম বলেন,”আপনারা জানেন এখন বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসের কারণে সবারই মন খারাপ। তাই আমরা চিন্তা করলাম মানুষদের একটু বিনোদন দেই।”
এছাড়া পাকিস্তানের জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা ম্যাচ চলাকালীন সময়ই ধারাভাষ্য কক্ষে বসে বলেন,”আমরা পাকিস্তানিরা যেকোনো সহজ বিষয়কে কঠিন করার ব্যাপারে বিশেষ পারদর্শী। এ কারণেই বিশ্বে আমাদের কদর বেশি। আমরা জানি কীভাবে ম্যাচ জমাতে হয়।”
প্রথমে মজা করে উত্তর দিলেও ম্যাচ নিয়ে গঠনমূলক ব্যাখ্যা দিয়েছেন ইমাম। তিনি বলেন,”আপনি যদি বড় টুর্নামেন্ট জিততে চান কিংবা সেরা তিন দলের একটি হতে চান, তাহলে আপনার ওপরের সারির ব্যাটসম্যানরা যখন উইকেটে সেট হবে, তখন তাকে ১৫০ রান করতে হবে। বড় দলগুলো তাই করে। যেমন আমি ও বাবর আজ সেট ছিলাম। আমাদের উচিত ছিল ম্যাচ শেষ করে আসা।”
