নারিনকে নয়, সাকিবকে খেলাও: আকাশ চোপড়া

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষ দুই আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ব্যাটে-বলে ব্যর্থ ছিলেন সুনীল নারিন। সে কারণেই অলরাউন্ডার কোটার অভাব পূরণ করতে এবারের আসরের নিলাম থেকে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে দলটি। যে কারণে একাদশে সুযোগ পেতে নারিনকে কঠিন লড়াই করতে হবে সাকিবের সঙ্গে।

সাকিবকে দলে নেওয়ার পর থেকে গুঞ্জন উঠেছে দলে থাকলেও কলকাতার একাদশে নিয়মিত জায়গা হচ্ছে না নারিনের। এদিকে নারিনকে না নিয়ে একাদশে সাকিবকে খেলানোর পরামর্শ দিয়েছেন আকাশ চোপড়া। জনপ্রিয় এই ক্রিকেট বিশ্লেষক মনে করেন, নারিনকে না খেলিয়ে সাকিবকে খেলালে তা দলের জন্য কাজে আসবে। তিনি মনে করেন সাকিবকে খেলালে ৪ ওভারে বোলিংয়ের সঙ্গে ব্যাট হাতেও দলের জন্য অবদান রাখবে। সেই সঙ্গে কলকাতার মিডল অর্ডার আরও শক্তিশালী হবে বলে মনে করেন তিনি।

এক ভিডিও বার্তায় আকাশ বলেন,’‘আপনি যখন উইকেট এবং মাঠের পরিধি বিবেচনা করে একাদশ সাজাবেন তখন আপনার একাদশ নিয়ে ভাবতে হবে। যেমন ধরুন চেন্নাইয়ে কলকাতার তিনটি ম্যাচ আছে, সেখানকার উইকেট সাধারণত স্পিন বান্ধব হয়ে থাকে। ভারতের ক্রিকেটারদের মাঝে শুভমান গিল, দীনেশ কার্তিক এবং নিতিশ রানাকে রান করতেই হবে। মরগানও হয়তো ভালো খেলবে। কিন্তু আমি বলব কলকাতা সাকিবকে খেলাও, সঙ্গে প্যাট কামিন্স ও আন্দ্রে রাসেলও থাকে। এর মানে হচ্ছে এই দলে নারিনের কোনো জায়গা নেই।’’

তিনি আরও বলেন,”আমাকে একাদশ বানাতে দিলে আমি অবশ্যই নারিনকে রাখবো না। কারণটা খুব সাধারণ, আজকাল সে আপনকে চার ওভার দিচ্ছে না, ব্যাটিংয়েও ফর্ম নেই। কখনও ওপরে খেলছে আবার কখনও নিচে খেলছে। আর আপনার কাছে যদি সাকিব থাকে তাহলে অবশ্যই সাকিবকে খেলাবেন। সে চার ওভারও দেবে ব্যাটিংও করবে এবং আপনার মিডল অর্ডারকে ধরেও রাখবে। যে সব উইকেটে টার্ন আছে সেখানে অনেক কাজে আসবে।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »