ধোনির এক ছক্কায় ভারত বিশ্বকাপ জেতেনি: গম্ভীর

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

কপিল দেবের অধীনে ১৯৮৩ সালে ভারত বিশ্বকাপ জয় লাভ করে। এরপর ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০১১ সালে ঘরের মাঠে শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি ঘরে তুলে নেয় ভারত। সেই বিশ্বকাপের কথা মনে পড়লে সবার চোখেই ভেসে ওঠে লং অনের ওপর দিয়ে মহেন্দ্র সিং ধোনির সেই ছক্কা। তবে ধোনির সেই এক ছক্কাতেই ভারত বিশ্বকাপ জিতেনি বলে জানিয়েছেন গৌতম গম্ভীর। সবার অবদানেই বিশ্বকাপ জিতেছিল ভারত।

সেই বিশ্বকাপে ভারতের হয়ে ৯ ম্যাচে ৪৮২ রান করেছিলেন শচীন। এ ছাড়া ভারতের হয়ে সেই বিশ্বকাপে বল হাতে দারুণ পারফরম্যান্স করেছিলেন জহির খান। এছাড়া বল হাতে ১৫টি উইকেট এবং ব্যাট হাতে ৩৬২ রান করে টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতার সঙ্গে বিশ্বকাপে জেতাতে বড় অবদান রেখেছিলেন যুবরাজ সিং। এ দিকে ফাইনালে ৯৭ রানের ইনিংস খেলে জয়ের ভিত গড়েছিলেন গম্ভীর।

দলের সবার পারফরম্যান্সে বিশ্বকাপ জেতার পরেও ধোনির এক ছক্কা নিয়ে বেশি আলোচনা করায় বিরক্তি প্রকাশ করেছেন গম্ভীর। ভারতের সাবেক এই ওপেনার মনে করেন, ধোনির এক ছক্কায় বিশ্বকাপ জেতা সম্ভব হলে যুবরাজের ৬টি বিশ্বকাপ জেতা উচিত ছিল।

এ প্রসঙ্গে গম্ভীর বলেন,”এটাতে ( ২০১১ সালের বিশ্বকাপ জয়) সবার অবদান ছিল। আপনি কি জহির খানের অবদানের কথা ভুলে যেতে পারবেন? সে ফাইনালের প্রথম স্পেলে কি করেছিল, যেখানে সে টানা তিন ওভার মেইডেন করেছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে যুবরাজ সিং কি করেছিল সেটা ভুলে যেতে পারবেন? অথবা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শচীনের টেন্ডুলকারের সেঞ্চুরি।’’

তিনি আরও বলেন,’‘আমরা কেন একটি ছক্কার কথা মনে রাখি? যদি একটি ছক্কা আপনাকে বিশ্বকাপ জেতাতে পারে তাহলে তো আমি মনে করি যুবরাজের ভারতের হয়ে ৬টি বিশ্বকাপ জেতা উচিত ছিল। কারণ সে এক ওভারে ৬টি ছক্কা মেরেছিল (ইংল্যান্ডের বিপক্ষে ২০০৭ সালে, ডারবানে)।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »