নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শেষ কয়েক বছর ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন এবি ডি ভিলিয়ার্স। এবার তিনি নিজেই বেছে নিয়েছেন তার চোখে আইপিএলের সেরা একাদশ। তার গড়া দলে তিনি অধিনায়ক হিসেবে রেখেছেন মহেন্দ্র সিং ধোনিকে।
২০০৮ সালে আইপিএলে দিল্লি ডেয়ার ডেভিলসের হয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন ভিলিয়ার্স। সেখানে তিনি বীরেন্দর শেবাগের সঙ্গে খেলেছিলেন। সেরা আইপিএল একাদশেও তাকে ওপেনার হিসেবে রেখেছেন। আরেক ওপেনার হিসেবে রেখেছেন রোহিত শর্মাকে।
এ প্রসঙ্গে ভিলিয়ার্স বলেছেন,”গত রাতে আমি ভাবছিলাম যে আমি যদি আমার আইপিএল একাদশ বাছাই করি সেটা কেমন খারাপ দেখাবে। আমি ওপেনিং ব্যাটিংয়ে এমন একজনকে বেছে নিয়েছি যার সঙ্গে আমি আইপিএল শুরু করেছি ভিরু এক নম্বরে এবং আমি চিন্তা করছিলাম গত ৫ বছরে সবচেয়ে ভালো ক্রিকেট খেলেছে এমন একজনকে বেছে নিতে। আমি রোহিতকে নিয়েছি দুই নম্বরে।”
এছাড়া ভিলিয়ার্স তিন নম্বরে রেখেছেন তাঁর বর্তমান দল বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলিকে। চার নম্বরে নিজেকে ছাড়াও বিবেচনায় রেখেছেন কেন উইলিয়ামসন এবং স্টিভ স্মিথকে। অলরাউন্ডার হিসেবে রেখেছেন বেন স্টোকস এবং রবীন্দ্র জাদেজাকে। আর বোলিং আক্রমণে রশিদ খানের সঙ্গে ভিলিয়ার্সের পছন্দ কাগিসো রাবাদা এবং জসপ্রিত বুমরাহ।
ভিলিয়ার্স আরও বলেন,”এরপর তিন নম্বরে অবশ্যই বিরাট। যথাক্রমে চার নম্বরে উইলিয়ামসন অথবা স্মিথ অথবা আমি। এই জায়গায় দুজন বদলি রয়েছে। বেন স্টোকস ৫ নম্বরে। ধোনি ৬ নম্বরে অধিনায়ক হিসেবে এবং ৭ নম্বরে আমি জাদ্দুকে নেব (রবীন্দ্র জাদেজা)। রশিদ খান ৮ নম্বরে, ভুবি (ভুবনেশ্বর কুমার) ৯ নম্বরে, কাগিসো রাবাদা দশে এবং বুমরাহ ১১ নম্বরে।”
ভিলিয়ার্সের সেরা আইপিএল একাদশ: বীরেন্দর শেবাগ, রোহিত শর্মা, বিরাট কোহলি, কেন উইলিয়ামসন/ স্টিভ স্মিথ/ এবি ডি ভিলিয়ার্স, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক/উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, কাগিসো রাবাদা ও জসপ্রিত বুমরাহ।
