নিউজ ডেস্ক »
চলতি বছরের অক্টোবরে ভারতের মাটিতে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপ শুরুর আগে ঘরের মাঠে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো শক্তিধর দলগুলোর বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ রয়েছে বাংলাদেশের।আর সেই সিরিজগুলোর জন্য মুখিয়ে আছেন টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
আপাতত বাংলাদেশের সামনে নেই কোনও টি-টোয়েন্টি সিরিজ। তবে বিশ্বকাপের আগে ঘরের মাঠে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে মাহমুদউল্লাহর দল। বিশ্বকাপের আগে দারুণ প্রস্তুতি হিসেবে বড় তিন দলের বিপক্ষে এই সিরিজগুলো খেলতে মুখিয়ে আছেন টি-টোয়েন্টি অধিনায়ক।
তৃতীয় টি-টোয়েন্টি শেষে সংবাদ সম্মেলনে এসে মাহমুদউল্লাহ বলেন,”আমরা বিশ্বকাপের আগের সিরিজের জন্য মুখিয়ে আছি। বিশেষত বিশ্বকাপের আগে আমাদের দুটি বড় সিরিজ আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে। আমরা আমাদের ঘরের মাঠের সুবিধা নিতে চেষ্টা করবো। আমরা বিশ্বাস করি আমরা ঘরের মাঠে বেশ আত্মবিশ্বাসী।”
নিউজিল্যান্ডের উইকেট পেস বান্ধব হলেও এই উইকেটে সফল হতে দেখা গেছে বাংলাদেশী স্পিনারদের। এর পিছনে ডেনিয়েল ভেটরির অবদান দেখছেন মাহমুদউল্লাহ। কেননা ভেটরি তার অভিজ্ঞতা স্পিনারদের সঙ্গে ভাগ করে নেয়ায় তারা ভালো করেছেন বলে মনে করেন তিনি।
এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন,”আমার মনে হয় স্পিনাররা ভালোই করেছে। স্পিন হেড কোচ ছিল ভেটরি, যার এখানে অনেক অভিজ্ঞতা যেখানে বল গ্রিপ করে না। সে তার অভিজ্ঞতা শেয়ার করেছে এবং দারুণ কিছু উপদেশ দিয়েছে কন্ডিশন ব্যবহারের ব্যাপারে। স্পিনাররা বেশ প্রো-অ্যাকটিভ ছিল, টি-টোয়েন্টিতে কিছু বাউন্ডারি হতেই পারে, কিন্তু সব মিলিয়ে তাদের চিন্তাভাবনা ভালো ছিল ও তাদের পেইস ভ্যারিয়েশন ও লাইং লেংথ বেশ ভালো।”
