নিউজ ডেস্ক »
চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নারীদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। নারীদের এই বয়সভিত্তিক টুর্নামেন্টের আয়োজক ছিল বাংলাদেশ। তবে করোনা মহামারীর কারণে তা স্থগিত করে দেয় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
নতুন সূচী অনুযায়ী এ বছরের ডিসেম্বরে বাংলাদেশে আবারো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এ আসরটি। তবে এখানে আবারও বাঁধা হয়ে দাঁড়িয়েছে করোনা। এ বছর ও হচ্ছে না নারীদের বয়সভিত্তিক দলের এই টুর্নামেন্ট। বৃহস্পতিবার আইসিসির বোর্ড সভায় এই সিদ্ধান্ত এসেছে।
২ বছর পিছিয়ে ২০২৩ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে নারীদর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। মূলত অংশগ্রহণকারী দলগুলোর প্রস্তুতিতে ঘাটতি থাকায় এমন সিদ্ধান্ত এসেছে।
আইসিসি এক বিবৃতিতে জানায়,”২০২১ সালে নারীদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে না। এ বছর ডিসেম্বরে যেটা হওয়ার কথা ছিল বাংলাদেশে। কিন্তু করোনা অনেক বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে এখানে। অনেক দেশই পুরোদমে প্রস্তুতি নিতে পারেনি। এসব কিছু বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি টুর্নামেন্টটিকে পিছিয়ে দেয়ার। নতুন সূচিতে টুর্নামেন্টটি আয়োজন করা হবে। যা অনুষ্ঠিত হবে ২০২৩ সালের জানুয়ারি মাসে।”
