সুযোগ আসলে লুফে নিতে চাই- সাকিব

নিউজ ডেস্ক »

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের পর্দা উঠছে ৯ এপ্রিল। বিশ্বের সবথেকে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান এখন অবস্থান করছে মুম্বাইয়ে। কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনে যোগ দেয়ার অপেক্ষায় রয়েছেন তিনি।

 

এবারের নিলাম থেকে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে নিয়েছে কলকাতা। এর আগে সাকিব ২০১২ এবং ২০১৪ সালে নাইট রাইডার্সের শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন। সাকিব জানিয়েছেন, এবার সুযোগ পেলে সেটা লুফে নিতে চান।

 

এবারের আসরে ভালো করতে আত্মবিশ্বাসী সাকিব বলেছেন,”আমি যেকোনো কিছুর জন্য তৈরি। আমি দারুণ আত্মবিশ্বাসী, আমি শুরুতে একটি ভালো ম্যাচের অপেক্ষায় আছি। যদি আমি ভালো শুরু করি, আশা করি আমি দলের জন্য ভালো কিছু করবো।”

 

প্রতিটি দলে ৮-১০ জন বিদেশি ক্রিকেটার থাকে সেখান থেকে কেবল ৪ জন ক্রিকেটার ম্যাচ খেলার সুযোগ পান। এজন্য উদার মানসিকতা নিয়ে সুযোগের অপেক্ষায় থাকতে হবে বলে মনে করেন সাকিব।

 

তাঁর ভাষ্য,”এখানে ৮-১০ জন বিদেশি ক্রিকেটার আছেন প্রতি দলে এবং শুধুমাত্র চারজন ক্রিকেটার খেলতে পারবেন। এজন্য আপনি দলকে দোষারোপ করতে পারেন না। আপনাকে উদার হতে হবে এবং কঠোর অনুশীলন করতে হবে। এটা নিশ্চিত করতে হবে যখন সুযোগ পাবেন দুই হাতে সেই সুযোগ লুফে নিতে হবে।”

 

এছাড়া সাকিব মনে করেন এবার আগের দুই বারের ধারা পরিবর্তন হবে। সেই সঙ্গে দলের বোলিং আক্রমণের প্রশংসা করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তিনি বলেন,”গত দুই বছরে দলটি দারুণ উন্নতি করেছে। আমি মনে করি এই বছর কেকেআর ভক্তদের প্রত্যাশার প্রতিদান দিতে পারবে। আমি আশাবাদী কেকেআরের পক্ষে আসবে ফলাফল। আমাদের স্পিন আক্রমণটি দারুণ। আমাদের পেস বোলিং আক্রমণটিও বেশ ভালো। সব মিলিয়ে এবার আমাদের ভালো একটি বোলিং লাইনআপ হয়েছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »