নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টাইগারদের এবারের নিউজিল্যান্ড সিরিজ কাটলো চরম হতাশার মধ্যে দিয়ে। এবারের সফরে ছিল তিনটি ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি। সব মিলিয়ে দুই সিরিজেই হতে হয়েছে হোয়াইটওয়াশ। এমন বিবর্ণ ও মলিন পারফরম্যান্সের পর বাংলাদেশের দাবি, নিউজিল্যান্ডে এখনো শিখছে দল।
শেষ ম্যাচে আজ নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ চোটে পড়ায় দলের নেতৃত্বে ছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস। বরাবরের মত আজও তিনি ছিলেন ম্লান। নিউজিল্যান্ডের অ্যালেন ফিন একাই যেখানে করেছেন ৭১ রান, সেখানে বাংলাদেশ পুরো দল মিলে সাকুল্যে ৭৬!
এমন পারফরম্যান্সের জন্য ব্যাটিং ও ফিল্ডিংকেই দোষারোপ করছেন লিটন। যদিও বোলিংও ছিল বিবর্ণ।
ম্যাচ শেষে লিটন দোষ চাপালেন দলের ব্যাটিং আর ফিল্ডিং ইউনিটকে। তিনি বলেন,”ব্যাটিং ও ফিল্ডিংয়ে আমরা ভালো করতে পারছি না। এটার মাশুলই গুনতে হয়েছে।’’
তবে লিটনের দাবি, দল এখনো ওমন কন্ডিশনে ভালো করা শিখছে। আর তাই পরের সফর ভালো হবে, আশাবাদী লিটন। তিনি বলেন,’‘উপমহাদেশের উইকেটে খেলে আমরা অভ্যস্ত। কিন্তু একইসাথে এটাও জানতে হবে বাউন্সি উইকেটে কীভাবে খেলতে হয়। আমরা শিখছি। শিখছি এখানকার উইকেট ও কন্ডিশনে কীভাবে খেলতে হয়। আশা করি পরেরবার ভালো করব।”
