আর্চারের আঙুলে মিলেছে কাঁচের টুকরা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নিজের আঙুলের ঘা সেরে গেলেও ভারতের বিপক্ষে খেলার সময় বারবার অস্বস্তিতে ভুগছিলেন জফরা আর্চার। সেই সঙ্গে ভারতের বিপক্ষে সিরিজে নতুন করে যোগ হয়েছিল কনুইয়ের ইনজুরি। এরপর এক প্রকার বাধ্য হয়েই আর্চারের আঙুলের অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সোমবার (২৯ মার্চ) অস্ত্রোপচার করাতেই তাঁর আঙুলে দেখা মেলে ছোট কাঁচের টুকরা। যা সবাইকে কিছুটা হতবাক করেছে।

মাঠের ক্রিকেটে নয় এই চোট আর্চার বাঁধিয়েছেন নিজের ঘরে বসে। নিজের বাসায় মাছের অ্যাকোয়ারিয়াম হাত থেকে পড়ে গেলে হাত কেটে যায় তার। সেখান থেকেই সূত্রপাত্র হয় তাঁর ইনজুরির। ৯ এপ্রিল থেকে শুরু হওয়া আইপিএলের শুরুর দিকে ম্যাচেও খেলা হচ্ছে না তার।

সোমবার বিবিসি রেডিওতে সাবেক দুই ইংলিশ ক্রিকেটার ফিল টাফনেল ও মাইকেল ভনের সঙ্গে ‘টাফারস অ্যান্ড ভন শো’-তে আর্চারের চোট নিয়ে বিস্তারিত কথা বলেছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ক্রিকেট পরিচালক অ্যাশলি জাইলস।

এ প্রসঙ্গে জাইলস বলেন,’‘ভয়ঙ্কর এক চক্রান্তের মতো শোনাবে এটি এবং আমি দেখতে পাচ্ছি, এই কথা বলা মাত্র টুইটারে কী ঝড় বয়ে যাবে। তবে হ্যাঁ, সে (আর্চার) বাসায় ঘর পরিষ্কার করছিল। তার একটি মাছের ট্যাংক আছে, সেটি হাত থেকে পড়ে যায়, হাত কেটে যায় এবং আজকে তার অস্ত্রোপচার করানো হলো।’’

তিনি আরও বলেন,’‘অস্ত্রোপচার ভালোভাবেই হয়েছে এবং তারা কাঁচের ছোট্ট একটি টুকরাও পেয়েছে। কাজেই এটা (অস্ত্রোপচার) করানোই সঠিক সিদ্ধান্ত ছিল। আমাদের হাতে সময়ও ছিল এখন। আশা করি, সে দ্রুত সেরে উঠবে। কিন্তু এটা সত্যি, এখানে কোনো ষড়যন্ত্র নেই।’’

ইংল্যান্ডের ব্যস্ত মৌসুমে আর্চারের পুরো সার্ভিস পেতে তাঁকে আইপিএল থেকে দূরে সরিয়ে রাখছে ইসিবি, ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে এমনই গুঞ্জন ওঠেছে। তবে এ প্রসঙ্গে গাইলস বলেন,”দুর্ঘটনার পর তার ক্ষত সেরে গিয়েছিল। ভারতে এটা সামলেই খেলেছে, ম্যাচ খেলতে সমস্যা হয়নি। কিন্তু কনুইয়ের পুরোনো চোটের কারণে ইনজেকশন নিতে এসে সে বিশেষজ্ঞ চিকিৎককে জানায়, তার আঙুলে এখনও অস্বস্তি আছে এবং জায়গাটা শক্ত হয়ে আছে। এ কারণেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »