সিরিজ হারলেও এই অভিজ্ঞতা কাজে লাগবে-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সদ্য শেষ হওয়া ভারতের বিপক্ষে পুর্ণাঙ্গ সিরিজের তিন ফরম্যাটেই সিরিজ হেরেছে ইংল্যান্ড। তবে এ নিয়ে খুব বেশি আক্ষেপ নেই ইংলিশদের প্রধান কোচ ক্রিস সিলভারউডের। এই প্রধান কোচ মনে করেন, ক্রিকেটাররা যেভাবে লড়াই করেছে তা অ্যাশেজ ও ঘরের মাঠে ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজে রসদ জোগাবে। এ ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে কাজে দেবে বলে বিশ্বাস তাঁর।

জয় দিয়ে শুরু করা টেস্ট সিরিজে ইংল্যান্ড শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে সিরিজ হারে। শুধু তাই নয়, আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলারও সুযোগ হাতছাড়া করে তাঁরা। তবে এসব নিয়ে আক্ষেপ না করে এই সিরিজ থেকে শিক্ষা নিয়ে ঘরের মাঠে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করতে চায় তাঁরা।

দেশে ফিরে এ প্রসঙ্গে সিলভারউড বলেন,”ভারতের বিপক্ষে সব সিরিজ হারলেও একটুও দুঃখিত নই। কারণ পুরো সিরিজে আমাদের দল লড়াই করেছে। বিশেষ করে সীমিত ওভারের সিরিজে আমাদের ছেলেরা সব সময় মরিয়া ছিল। তাই এই হারের প্রভাব ওদের মধ্যে দেখা যায়নি। ওদের জন্য আমি গর্বিত। ফলে আমার মতে সেই সিরিজ থেকে শিক্ষা নিয়ে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ও অ্যাসেজে খেলতে নামবে আমাদের দল।’’

টি-টোয়েন্টি সিরিজে হারের পর ওয়ানডেতেও একই পরিণতি হয়েছে ইংলিশদের। সিরিজ হারলেও ক্রিকেটাররা যে অভিজ্ঞতা অর্জন করেছে সেটা টি-টোয়েন্টি বিশ্বকাপে কাজে দেবে বলে বিশ্বাস সিলভারউডের। সেই সঙ্গে তিনি এটাও মনে করিয়ে দিয়েছেন যে, ভারতের মাটিতে বিরাট কোহলিদের হারানো খুবই কঠিন।

সিলভারউড বলেন,”ভারতে গিয়ে ওদের হারানো খুবই কঠিন। কারণ ঘরের মাঠে ভারত খুবই কঠিন প্রতিপক্ষ। তাই হারলেও একদিনের ও টি-টোয়েন্টি সিরিজে আমরা অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি। সেই অভিজ্ঞতা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কাজে লাগবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »