নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ বৃষ্টির কারণে ৪ ওভার কমাতে বাধ্য হয়েছিলেন ম্যাচ অফিসিয়ালরা। এরপর ওভার কমে যাওয়ায় বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ১৭০ রান। তবে সেটি প্রথমে নয় নির্ধারণ হয়েছে বাংলাদেশের ইনিংসের দ্বিতীয় ওভারের সময়। টার্গেট ঠিক না করে দিয়ে খেলা শুরু করায় অসন্তোষ প্রকাশ করেছেন রাসেল ডমিঙ্গো। সেই সঙ্গে বাংলাদেশের এই প্রধান কোচ জানিয়েছেন, আগে কখনও তিনি এমন ম্যাচ দেখেননি।
প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ১৭.৫ ওভার খেলে সংগ্রহ করে ১৭৩ রান। এরপর আর মাঠে নামতে পারেনি তারা। এরপর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়।
তারপর ১৬ ওভারে বাংলাদেশের সামনে লক্ষ্য দেয়া হয় ১৪৮ রানের। জয়ের জন্য ওভারপ্রতি ৯.২৫ রান করে তুলতে হতো বাংলাদেশের। তবে টাইগারদের ইনিংসের ১.৩ ওভার পরেই দুই আম্পায়ার এসে খেলা বন্ধ করে দেন। তারা জানান প্রথমে দেয়া লক্ষ্যটি ভুল ছিল। পরবর্তীতে বাংলাদেশের নতুন লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ১৭০। এ সময় ম্যাচ রেফারি জেফ ক্রোর রুমে কথা বলতে দেখা যায় বাংলাদেশের কোচ ডমিঙ্গোকে। শুধু তাই নয় ম্যাচ শেষেও অসন্তুষ্টি প্রকাশ করেছেন এই প্রোটিয়া কোচ।
তিনি জানিয়েছেন,”আমার মন হয় আমি কখনও এমন কোনো ম্যাচ দেখিনি। কেউ জানতাম না লক্ষ্য কত, ডাকওয়ার্থ লুইসের হিসেব কীভাবে হচ্ছে। পাঁচ ওভার পর কত রান রাখা চাই- কেউই জানত না। আগে কখনোই এমন ম্যাচ দেখিনি। ম্যাচ শুরু হয়ে গেছে অথচ কেউ জানেই না কত রান করতে হবে! ডাকওয়ার্থ লুইসের হিসেব-নিকেশ শেষ করার পর ম্যাচ শুরু করা উচিৎ ছিল।’’
তিনি আরও বলেন,”কত ওভারে আমাদের কত রান করতে হবে তা নির্ধারণ করে দিয়ে খেলা শুরু করা উচিৎ ছিল। এমনটি দেখা মোটেও সুখকর নয়। তারা স্কোরের জন্য অপেক্ষা করছিল। এক দুই বল অপেক্ষা করার পরও কিছু জানতে পারছিল না। তখনও অপেক্ষা করছিল। আমাদের জন্য এটা অনেক হতাশাজনক। তারা নাকি স্কোর প্রিন্ট আউটের অপেক্ষা করছিল। এভাবে তো খেলায় দেরি করা যায় না।”
