নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শেষ কয়েকটি সিরিজে বিধ্বংসী ব্যাটিং করে চলেছেন ঋষভ পান্ত। বলতে গেলে গত বছরের অস্ট্রেলিয়া সিরিজের পর থেকেই অন্যরকম সময় পার করছেন তিনি। গেলো চার মাসে পান্ত নিজেকে নিয়ে গেছে অনন্য এক স্থানে। সর্বশেষ ইংল্যান্ড সিরিজেও দাপট দেখিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
নিজের স্বভাবসুলভ এমন ব্যাটিংয়ের কারণে আবারো একবার ক্রিকেট সংশ্লিষ্টদের নজর কেড়েছেন এই ভারতীয় ক্রিকেটার। পান্তের সবথেকে বেশি আলোচিত বিষয় হচ্ছে তাঁর ব্যাটিং করার ধরণ। সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন তো রীতিমতো তাঁর ভক্তে পরিণত হয়েছেন। অবশ্য ভারতীয় এই ক্রিকেটারের ব্যাটিংয়ে মুগ্ধ হলেও, তরুণ ক্রিকেটারদের পান্তের মতো ব্যাটিং না করার পরামর্শ দিয়েছেন তিনি।
ভন বলেন,’‘আমি যদি আপনাকে সত্যিটা বলি তাহলে বলবো যে, আমার ধারণা, সে (পান্ত) অদ্ভুত। সে সবকিছু নিজের উপায়ে করে। আমি অন্যদের বলবো না যে, ঋষভ পান্তের মতো ব্যাটিং করো। কারণ সে খুবই অনন্য। তরুণদের আমি বলবো যে, তার দক্ষতা অনুকরণ করা কঠিন। তবে চাইলে তুমি তার মানসিকতা অনুকরণ করতে পারো। তাকে দেখলে মনে হবে সে খুব স্বাচ্ছন্দ্যে আছে। যখন সে চাপের মধ্যে খেলতে নামে, তখন তাকে দেখলে মনে হবে যে সে হয়তো কোন পার্কে খেলছে। সে শুধু ভারতের হয়েই এমন নয়, অনেক বছর ধরেই সে এভাবে খেলছে।”
তিনি আরো বলেন,” পান্ত শুধু এখন নয় সে অনুর্ধ্ব-১১, অনুর্ধ্ব-১৫, অনুর্ধ্ব-১৯ এবং এখন ভারত জাতীয় দলের হয়ে এমন ভাবে খেলে আসছে। এটা শুধুই ক্রিকেট তাঁর জন্য। এ ধরনের মনোভাব রাখতে পারাটা খুবই কঠিন।’’
