নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ফিল্ডিং করার সময় বাঁ কাঁধে চোট পেয়েছিলেন শ্রেয়াস আইয়ার। প্রথমে গুরুতর কিছু মনে না হলেও পরে জানা যায় তার কাঁধের হাড় সরে যাওয়ায় ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে খেলা হয়নি তাঁর।
সর্বশেষ বড় ধরণের দুঃসংবাদ এলো ক্রিকেট ভক্তদের জন্য। জানা গেছে, দ্রুতই কাঁধে অস্ত্রোপচার করাতে হচ্ছে তাকে। সবকিছু ঠিক থাকলে ৮ এপ্রিল ছুঁড়ি-কাঁচির নিচে যেতে হচ্ছে ভারতীয় এই ব্যাটসম্যানকে। অস্ত্রোপচার করার পর মাঠে ফিরতে কমপক্ষে ৫ মাস সময় লাগবে তাঁর।
এ নিয়ে গেল ৬ মাসে দ্বিতীয়বারের মতো কাঁধের ইনজুরিতে পড়লেন তিনি। এই চোটের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরেও খেলা হচ্ছে না তাঁর। তাঁর পরিবর্তে দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বে কে আসছে সেই বিষয়টি নিয়েও এখনো কোন সিধান্ত জানা যায়নি। ধারনা করা হচ্ছে ঋষভ পান্ত অথবা শিখর ধাওয়ানের কাঁধে উঠতে চলেছে দিল্লির অধিনায়কত্ব।
এছাগা রয়্যাল লন্ডন কাপ খেলার জন্য ল্যাঙ্কাশায়ারের সঙ্গে চুক্তি করেছিলেন আইয়ার। ১৫ জুলাই দলের সঙ্গে যোগ দেয়ার কথা ছিল তাঁর। তবে এই চোটের কারণে সেখানেও খেলা হচ্ছে না আইয়ারের।
