নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিকেটকে সবসময় বলা হয় দলগত খেলা। যখন দলের সকল খেলোয়াড়ই কমবেশি পারফর্ম করে তখন ম্যাচের চিত্র ভিন্ন হয়। আর দলের সবাই যখন পারফর্ম না করে তখন সাফল্য ধরা দেয় না। তবে কখনো কখনো দলের ফলাফল ভালো না এলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল থাকেন অনেক খেলোয়াড়। তবে নিউজিল্যান্ড সফরের ওয়ানডে সিরিজে দেখা গেছে ভিন্ন মাত্রা।
প্রথম ম্যাচে সামান্য আলো ছড়িয়েছেন শেখ মেহেদী হাসান। দ্বিতীয় ম্যাচে তামিম ইকবাল ও মোহাম্মদ মিঠুনের ফিফটি। দুই ম্যাচে ব্যর্থ হওয়ার পর শেষ ম্যাচে ঝলক দেখিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাসকিন আহমেদ বল হাতে ভালো করলেও প্রভাব বিস্তার করতে পারেননি।
নিউজিল্যান্ড সফরে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি কোন ক্রিকেটার। আর এ বিষয়টি স্বীকার করেছেন ওয়ানডে অধিনায়ক তামিম নিজেও।
তিনি বলেন,”দলগত বা ব্যক্তিগতভাবে- কোনোভাবেই আমরা ধারাবাহিক নই। আমি মনে করি এটাই ইস্যু। এখান থেকে উত্তরণের পথ খুঁজতে হবে। আমরা নিজেদের ক্রিকেটের উন্নতি করতে আসিনি, এসেছি ম্যাচ জিততে। এটা শুধুমাত্র কোনো দ্বিপক্ষীয় সিরিজ নয় যেখানে আপনি এসব নিয়ে ভাববেন। এখানে পয়েন্টের ব্যাপারও নির্ভর করছে। আপনি জিতলে আপনি পয়েন্ট পাবেন যা আপনাকে বাছাইপর্ব উতরাতে সাহায্য করবে।’’
তবে দলের পারফরম্যান্সে স্বভাবতই তামিমের কণ্ঠে হতাশা। তিনি জানান,’‘যেভাবে আমরা খেলেছি তা খুবই হতাশাজনক ছিল। আমরা আরও ভালো দল। তবে তাদেরকে হারাতে হলে আমাদের আরও অনেক উন্নতি করা প্রয়োজন। সবমিলিয়ে এটা আমাদের জন্য হতাশাজনক একটি সিরিজ। আমি মনে করি আমরা ভালো খেলতে পারিনি।”
