এবার হার্দিকের সমালোচনায় গাভাস্কার

নিউজ ডেস্ক »

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ জিতে গতকাল সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। তবে গতকালের এই ফাইনাল শেষ হওয়ার আগেই সমালোচনা করেছেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। প্রথমে ক্রুনাল পান্ডিয়ার পর কাল ভারত দলে হার্দিক পান্ডিয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। হার্দিক যদি ব্যাট-বলে অবদান রাখতে না পারে তাহলে একাদশ থেকে তাকে বাদ দিতে বলেছেন গাভাস্কার।  

 

২০১৯ সালে পিঠে অস্ত্রোপচারের কারণে হার্দিক কয়েক মাস মাঠের বাইরে ছিলেন। এরপর প্রিমিয়ার লিগ (আইপিএল) দিয়ে ক্রিকেটে ফেরেন হার্দিক তবে টুর্নামেন্টে খুব একটা বোলিং করেননি।

এরপর থেকে জাতীয় দলেও তেমন বোলিং করেন না তিনি। তবে ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে ভারত বোলার সংকটে পরে ম্যাচ হারলে হার্দিকের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। ম্যাচ শেষে অবশ্য কোহলি বলেছিলেন, হার্দিকের চাপ কমাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এতেই দ্বিমত গাভাস্কারের। ভারতের সাবেক এই অধিনায়ক বলেছেন, অলরাউন্ডার হিসেবে দলে থাকতে হলে অবশ্যই ব্যাট-বল দুটোই করতে হবে হার্দিককে।

 

সিরিজ নির্ধারণী ম্যাচের টসের পর গাভাস্কার বলেন,’‘যখন আপনি ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বলবেন তখন আপনার দলের ভারসম্যের কথা মাথায় রাখতে হবে। যদি দলের ভারসম্য অনুযায়ী যার উপর চাপ কমানো দরকার সে খেলোয়াড় একাদশে ফিট না করে তাহলে তাকে একাদশে রাখা যাবে না। এই কাজের চাপ আইপিএলের ম্যাচগুলোতে মানিয়ে নেয়া যাবে। যদি সে ভারতের হয়ে খেলে এবং একজন অলরাউন্ডার হয় তাহলে অন্তত ৩-৪ ওভার তাকে বল করতেই হবে।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »