নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে দেশটির সাবেক পেসার চামিন্দা ভাসকে বোলিং কোচের দায়িত্ব দিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বোর্ড। কিন্তু বেতন নিয়ে বোঝাপড়া ঠিক না হওয়ায় তিন দিনের মাথায় পদত্যাগ করেছিলেন সাবেক এই কিংবদন্তি পেসার।
সম্প্রতি ভাসের সঙ্গে বোর্ডের কর্তারা আবারো আলোচনায় বসেছিল, এবং বিতর্কের অবসান ঘটেছে। যে কারণে আগের পদত্যাগ পত্র তুলে নিয়ে আবারও শ্রীলঙ্কার ক্রিকেটে ফিরছেন ভাস। খুব শীঘ্রই বোলিং কোচ হিসেবে দেখা যাবে তাঁকে।
সর্বশেষ আলোচনায় বোলিং পরামর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ভাসকে। সঙ্গে তার কাজের পরিধিও বাড়িয়ে দিয়েছে বোর্ড। জাতীয় দল নিয়ে কাজ করার পাশাপাশি শ্রীলঙ্কার এইচপি টিমকে দেখাশোনা করবেন তিনি। এ ছাড়া দল থেকে ছিটকে পড়া এবং নতুন পেসার তৈরি করাটাই হবে এই কিংবদন্তির কাজ।
