নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বছরের শেষ দিকেই মাঠে গড়াতে যাচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর এই ইভেন্টকে সামনে রেখে নিজেদের পরিকল্পনা সাজাতে শুরু করেছে দলগুলো। তবে বিশ্বকাপ শুরুর আগে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর।
যে কারণে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে বেছে নিচ্ছেন অধিকাংশ ক্রিকেটাররা। যে কারণে বোর্ডগুলোও তাঁদের ক্রিকেটারদের ছাড়পত্র দিচ্ছে। জাতীয় দলের খেলা থাকলেও বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের ক্রিকেটাররা আইপিএল খেলবে। আইপিএল খেলার কারণে বিশ্বকাপে নিজেদের ভালো সুযোগ থাকবে বলে মনে করেন জনি বেয়ারস্টো।
ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে খেলতে নামার আগে বেয়ারস্টো বলেন,’‘টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা হতে পারে এমন মাঠগুলোয় আগেই আইপিএলের ম্যাচ খেলে নেয়ায় আমাদের সামনে ভাল সুযোগ থাকবে। কিভাবে সেখানে দলগুলো সাফল্য পায় তার দিকে নজর থাকবে আমাদের। কারণ, বিভিন্ন উইকেটের মাপ বিভিন্ন রকম। রান তাড়া করা যায় কি না বা উইকেটে গিয়ে কত তাড়াতাড়ি মানিয়ে নেয়া যায় সেই ব্যাপারগুলোয় চোখ রাখব আমরা।’’
ভারতের একেক জায়গার আবহাওয়া একেক রকম হলেও ভালো হবে বলে আশাবাদী বেয়ারস্টো। তিনি বলেন,’‘ভারতের আবহাওয়া এক এক জায়গায় এক এক রকম। আশা করি আমরা সাহায্য পাব। তবে প্রতিযোগিতার মান আমরা জানি। তাই কোনও দলকেই হালকাভাবে নেয়া যাবে না।”
