নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মাঠে সুযোগ হাত ছাড়ার ফলাফল কি হতে পারে সেটা সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে ভালোভাবেই টের পেয়েছে বাংলাদেশ দল। তিন ম্যাচের সিরিজ শেষে ছোট ছোট করা এসব ভুলই যেনো বেশি আক্ষেপ জাগাচ্ছে বাংলাদেশ দলের অধিনায়ককে।
সিরিজের শেষ ম্যাচে ওয়েলিংটনে ১৬৪ রানে হেরেছে বাংলাদেশ দল। বিদেশের মাটিতে এটাই ছিল স্থায়ী অধিনায়ক হিসেবে তামিমের প্রথম সিরিজ।
ম্যাচ শেষে তামিম বলেন,’‘আমরা বল হাতে ভালোই শুরু করেছিলাম। তারা ৫৭ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল। কিন্তু কনওয়ে ও মিচেল সত্যিই দারুণ ব্যাটিং করেছে। মাঝেমাঝে ছোট ছোট জিনিস বেশি ব্যথা দেয়। ক্যাচ আর সুযোগ হাতছাড়া তবে কৃতিত্ব দিতেই হবে নিউজিল্যান্ডকে। পুরো সিরিজ জুড়ে তারা দুর্দান্ত ছিল।’’
তামিম মনে করেন, কিউইদের ছুঁড়ে দেওয়া ৩১৯ রানের লক্ষ্য তাড়া করা অসম্ভব ছিল না। তিনি বলেন,”এখানে খেলতে এলে ৩০০ রান তাড়া করার মতই। কিন্তু আমরা সেরকম ব্যাটিং করিনি। অনেক লুজ শট ছিল। এখানে ব্যাট করতে হলে ধৈর্যশীল হতে হয়। আমরা শুরুতেই অনেক লুজ শট খেলেছি আর দশ ওভারে তিন উইকেট হারিয়ে ফেললে ওখানেই হেরে গেলেন। আমি এমন কেউ নই যে কোয়ারেন্টিন ইস্যু বা প্রস্তুতির ঘাটতিকে অজুহাত হিসেবে দাঁড় করাবে। সোজা কথায় আমরা ভালো ক্রিকেট খেলিনি।”
