নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পুনেতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৬৬ রানের জয় পেয়েছে ভারত। এদিন ম্যাচে ফিরেই ব্যাট হাতে রান পেয়েছেন শিখর ধাওয়ান। কদিন আগেই টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি এই ওপেনারের। উপেক্ষিত থাকার পরেও সুযোগ পেয়ে কাজে লাগিয়েছেন তিনি।
৩১৭ রানের মধ্যে ধাওয়ান একাই করেন ৯৮ রান! সেঞ্চুরি হাতছাড়া করলেও এই রানই প্রমাণিত হয় দলের জয়ের জন্য। ২০ ওভারের দলে উপেক্ষিত থাকা এই ক্রিকেটার ম্যাচ শেষে জানিয়েছেন সুযোগ পেয়েই বাজিমাত করার গল্প। তিনি জানান দলে সুযোগ না পেলেও নিজেকে ইতিবাচক রেখেছেন ধাওয়ান। এই সময়ে কাজ করেছেন নিজের দক্ষতা ও মানসিক অবস্থা নিয়ে।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ধাওয়ান বলেন,”আমি টি-টোয়েন্টি একাদশে থাকবো না জেনেও নিজেকে প্রচণ্ড ইতিবাচক রেখেছি। আমি ফিটনেসের প্রক্রিয়া, দক্ষতা এবং মানসিক অবস্থার উপর মনোযোগ দিয়েছি। আমি সবসময় নিজেকে ইতিবাচক রেখেছি। আমি সবসময় যেকোন পরিস্থিতি থেকে ভালো জিনিসটা খুঁজে বের করার চেষ্টা করি এবং ব্যাটিং নিয়ে কাজ করে গিয়েছি। আমি জানতাম যে। যদি আমি সুযোগ পাই তাহলে সেটাকে আমি কাজে লাগাবো।’’
এই ওপেনার আরও বলেন,”এটা ছিল দলীয় প্রচেষ্টা। বিশেষ করে প্রসিদ্ধ, সে বেশ গতিতে বল করছিল এবং ব্যাটসম্যানদের তাড়ার উপর রেখেছে। তাঁর প্রথম ম্যাচেই এমন কিছু দেখতে পারাটা দারুণ কিছু। ক্রুনাল পান্ডিয়াও অভিষিক্ত হিসেবে দারুণ করেছে। শার্দুলের আত্মবিশ্বাস বেড়েছে। সে খুব বুদ্ধিমান ক্রিকেটার এবং খেলার প্রেক্ষাপট বেশ ভালোভাবে বুঝতে পারে।’’
