ব্যাটিংয়ের পর বোলিংয়েও সেরা নাসির-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ডে রংপুর বিভাগের ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও খাদের কিনারার মাঝে দাঁড়িয়ে সেঞ্চুরি আদায় করে নিয়েছেন নাসির হোসেন। সেঞ্চুরির পর বল হাতেও আলো ছড়িয়েছেন এই অলরাউন্ডার। দ্বিতীয় ইনিংসে ঢাকা বিভাগের বিপক্ষে ২১ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি।

নাসিরের এমন নজর কাড়া বোলিংয়ের দিনে ঢাকা দ্বিতীয় ইনিংসে অল আউট হয়েছে মাত্র ১২৮ রানে। দলটির হয়ে সর্বোচ্চ ৪০ রান করেছেন আরাফাত হোসেন জুনিয়র। দ্বিতীয় ইনিংসে ঢাকাকে কম রানে আটকে দেয়ায় কিছুটা স্বস্তিতে রয়েছে নাসিরের দল। তৃতীয় দিনের শেষ বিকেলে ব্যাট করতে নেমে ৩৫ রানে ২ উইকেট হারিয়েছে রংপুর। জয়ের জন্য আরও ২২৯ রান দরকার দলটির।

এদিকে শেখ আবু নাসের স্টেডিয়ামে খুলনা বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ২৫০ রান করেছে সিলেট।

দলটির হয়ে অমিত হাসান হাফ সেঞ্চুরি তুলে নেয়ার পর সেঞ্চুরি দেখা পেয়েছেন জাকির হাসান। ১১৮ রান করে অপরাজিত রয়েছেন তিনি। আব্দুল হালিম ও মইনুল ইসলাম নিয়েছেন ২টি করে উইকেট। এর আগে তুষার ইমরান ও ইমরুল কায়েসদের ব্যাটে ভর করে প্রথম ইনিংসে ৩৭৫ রান তুলেছে খুলনা।

তৃতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা বিভাগীয় দল : ৩৬৫ এবং ১২৮

রংপুর বিভাগীয় দল: ২৩০ এবং ৩৫/২

খুলনা বিভাগীয় দল: ৩৭৫

সিলেট বিভাগীয় দল: ১৩৪ এবং ২৫০/৫ (জাকির ১১৮*, অমিত ৬৬)

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »