নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে সিরিজ হেরে বসে আছে বাংলাদেশ দল। তাইতো বাংলাদেশের লক্ষ্য অন্তত একটা ম্যাচে জয় পাওয়া। তাই সিরিজের শেষ ম্যাচটির দিকেই পাখির চোখ মেলে তাকিয়ে টাইগাররা।
দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং ও বোলিং ভালো করার পরেও শেষ পর্যন্ত ফিল্ডিং মিসের মহড়ায় জয় তুলে আনতে পারেনি। ফিল্ডিংয়ের ব্যর্থতা অকপটে স্বীকার করেছেন ম্যাচে বাংলাদেশের সেরা পারফর্মার মোহাম্মদ মিঠুন।
মিঠুন বলেন,”অবশ্যই ২৭০ লড়াকু সংগ্রহ। উইকেটও ভালো ছিল। ম্যাচটা জেতার সুযোগ আমাদের ছিল কিন্তু ফিল্ডিং আমাদের পিছিয়ে দিয়েছে। একটা বাজে ম্যাচ (প্রথম ম্যাচ) যাওয়ার পরে সবাই ফিরে আসার চেষ্টা করেছে, অতীত ভুলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। আমরা শক্তিশালী হয়েই ফেরার চেষ্টা করেছিলাম কিন্তু ফিল্ডিং আমাদের ভুগিয়েছে।’’
দ্বিতীয় ম্যাচটিতে কাছে এসেও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনতে পারেনি টাইগাররা। তবে একটি ম্যাচে যে জয় চায়, তাই এখন শেষ ওয়ানডেই বাংলাদেশের আশা-ভরসা।
মিঠুন বলেন,’‘অবশ্যই দল হিসেবে আমরা অন্তত একটা ম্যাচ জিততে চাই। তিন ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিতলেও সেটা আমাদের জন্য বড় অর্জন হবে। এখনো সিরিজের একটা ম্যাচ বাকি আছে, আমাদের নিজেদের সেরা দিয়ে চেষ্টা করব। ওটা আরেকটা নতুন ম্যাচ হবে, আমরাও চেষ্টা করব সেভাবে।’’
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে পার্থক্যটা কোথায় সেটাও স্পষ্ট করতে যেয়ে মিঠুন বলেন,”লাথাম দুর্দান্ত খেলেছে, সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। দেখুন, এটা তাদের নিজেদের দেশ, চেনা কন্ডিশন। অবশ্যই তারা ভালো খেলোয়াড়ও। তরুণ কিংবা অভিজ্ঞ, সবাই পারফর্ম করার সামর্থ্য নিয়েই দলে একাদশে এসেছে। কিন্তু তরুণ ক্রিকেটাররা যখন বাইরের দেশে, ভিন্ন কন্ডিশনে খেলে তখন তাদের জন্য সেটা একটু কঠিন হয়।’’
