নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইংল্যান্ডের কাউন্টি ক্লাবে খেলতে যাচ্ছেন ভারতীয় তরুণ ক্রিকেটার শ্রেয়াস আইয়ার। ভারতীয় মিডল অর্ডার এই ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ল্যাঙ্কাশায়ার। এক মাস ব্যাপী রয়্যাল লন্ডন ডে কাপ খেলতে আগামী ১৫ জুলাই ক্লাবটির সঙ্গে যোগ দেবেন তিনি। ইংল্যান্ড সিরিজে এই মিডল অর্ডার ব্যাটসম্যানের দুর্দান্ত পারফরমেন্সই নজর কেড়েছে ল্যাঙ্কাশায়ারের।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভারতীয় ক্রিকেটারকে দলে ভেড়ানোর খবর নিশ্চিত করেছে ল্যাঙ্কাশায়ার। ল্যাঙ্কাশায়ারে যোগ দেয়ার জন্য তর সইছে না আইয়ারের।
এ প্রসঙ্গে তিনি বলেন,”ইংলিশ কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ার বড় নাম। ভারতীয় ক্রিকেটের সঙ্গে ক্লাবের সম্পর্ক দীর্ঘদিনের। ফারুক ইঞ্জিনিয়ার, ভিভিএস লক্ষ্মণ, সৌরভ গাঙ্গুলিদের সঙ্গে সেই ধারাটা বজায় রাখতে পেরে আমি সম্মানিত বোধ করছি। ওল্ড ট্র্যাফোর্ড একটা বিশ্বমানের আন্তর্জাতিক স্টেডিয়াম। ক্লাবের সতীর্থ ও সমর্থকদের মুখোমুখি হওয়ার জন্য মুখিয়ে রয়েছি।’’
ভারতীয় এই তারকাকে পেয়ে উচ্ছ্বসিত ক্লাবটির ডিরেক্টর অফ ক্রিকেট পল অ্যাবট। তাৎক্ষণিক বার্তায় তিনি বলেছেন,’‘ভারতের নতুন প্রজন্মের উজ্জ্বল তারকাদের মধ্যে শ্রেয়াস অন্যতম। তাঁকে এমিরেটস ওল্ড ট্রাফোর্ডে আনতে পারার সুযোগ পেয়ে আমরা উচ্ছ্বসিত।”
