নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে দেখা যাবে সাকিব আল হাসান কে। ১৪ তম আসরের নিলামের আগে থেকেই এই টাইগার অলরাউন্ডারকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিল দলটি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নাইট রাইডার্সের টিম অ্যানালিস্ট এআর শ্রীকান্ত জানিয়েছেন, নিলামের আগে তারা যেসব আলাপ আলোচনা করেছিলেন, সেখানে সবার উপরেই ছিল সাকিবের নাম। তাদের লক্ষ্য ছিল একটাই যেভাবেই হোক সাকিবকে দলে ভেড়ানো।
সাকিবকে দলে নেয়া প্রসঙ্গে তিনি বলেছেন,”আমরা নিলাম নিয়ে আলোচনা করছিলাম এবং ভেবে দেখছিলাম কোন কোন ক্রিকেটারকে আমরা বেছে নিতে পারি। যাদেরকে নিলাম থেকে দলে নেয়া যেতে পারে। সমস্ত আলোচনায় যে উল্লেখযোগ্য ছিল সেটা সাকিব। কারণ ব্যাট হাতে সে দারুণ পারফরম্যান্স করেছে, বল হাতেও এমনকি লিডারশিপ কোয়ালিটি দিয়েও আমাদের শীর্ষ ক্রিকেটারদের বিকল্প হতে পারে সে।”
ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগান, দুই ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনকে ঘিরেই গত কয়েক আসরে পরিকল্পনা সাজিয়েছি আমরা।
সাকিব এই তিনজনেরই বিকল্প হতে পারেন বলে মনে করেন শ্রীকান্ত। এই টাইগার অলরাউন্ডারের প্রতি বাড়তি আগ্রহের কারণ সম্পর্কেও খোলাসা করেছেন তিনি।
নাইটদের এই অ্যানালিস্ট বলেন,”সে বিকল্প হতে পারে সুনীল (নারিন), (দ্রেস) আন্দ্রে রাসেল এমনকি মরগানেরও। সাকিবের কোয়ালিটি নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। সে বর্তমান সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার এবং আমরা দেখেছি ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সে কি করেছে। সে আমাদের হয়ে আগেও খেলেছে, পরীক্ষিত পারফর্মারও এবং সেই থেকেই সাকিবের প্রতি আমাদের প্রধান আগ্রহ ছিল। আমরা চেষ্টা করছিলাম যেভাবেই হোক সাকিবকে পেতে।”
