নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর শুরু হতে যাচ্ছে আগামী মাসের ৯ এপ্রিল থেকে। এর মধ্যেই মুম্বাইয়ে ভিড়তে দেখা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারদের।
গেল শনিবার নাইট রাইডার্সের হোটেলে উঠেছেন দীনেশ কার্তিক, ভরুণ চক্রবর্তী, রাহুল ত্রিপাঠি, কমলেশ নাগারকোটি, সন্দিপ ওয়ারিয়ার এবং ভৈভব আরোরা। এছাড়া দলের সঙ্গে যোগ দিয়েছেন, নাইট রাইডার্সের সহকারী কোচ অভিষেক নায়ার এবং সহকারী বোলিং কোচ ওমকার সালভি।
দেশি ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি ক্রিকেটারও যোগ দিতে শুরু করেছে। তার মধ্যে সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল দ্রুতই দলের সঙ্গে যোগ দেবেন বলে জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্দেশনা মোতাবেক সব ক্রিকেটার, সাপোর্টিং স্টাফ এবং কর্মকর্তাদের বাধ্যতামূলক ৭ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে হোটেল রুমে। ম্যাচ শুরুর আগে একাধিকবার করোনা পরীক্ষায় নেগেটিভ প্রমাণিত হতে হবে সবাইকে।
